
ডেস্ক রিপোর্টঃ নওগাঁর পোরশায় কাদা মাটির নিচ থেকে প্রায় ২০ কেজি ওজনের কষ্টিপাথর সদৃশ হিন্দুধর্মীয় দেবতার একটি মূর্তি উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া মূর্তিটির আনুমানিক মূল্য ১০ লাখ টাকার বেশি বলে জানা গেছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে স্থানীয় লোকজন মোবাইল ফোনে পোরশা থানার অফিসার ইনচার্জকে বিষয়টি জানান। তারা জানান, উপজেলার ঘাটনগর ইউনিয়নের ঘাটনগর কানাপাড়া গ্রামের কুজা পুকুরের পশ্চিম পাশে পানির ধারে কাদা মাটির নিচে একটি কষ্টিপাথর সদৃশ মূর্তি পড়ে রয়েছে।
খবর পেয়ে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় পোরশা থানার অফিসার ইনচার্জ পুলিশ সদস্যদের নিয়ে বিকেল আনুমানিক ৪টা ৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছান। পরে উপস্থিত সাক্ষীদের সামনে কাদা মাটির নিচ থেকে মূর্তিটি উদ্ধার করে জব্দ করা হয়।
পুলিশ জানায়, উদ্ধারকৃত মূর্তিটির উচ্চতা আনুমানিক ২৫ ইঞ্চি, প্রস্থ ১১ ইঞ্চি এবং ওজন প্রায় ১৯ কেজি ৮০০ গ্রাম। মূর্তিটির আনুমানিক মূল্য ১০ লাখ টাকার বেশি বলে ধারণা করা হচ্ছে।
উদ্ধার করা মূর্তিটি বর্তমানে পোরশা থানা হেফাজতে সংরক্ষিত রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

প্রতিবেদক 




















