
বগুড়ার সোনাতলা উপজেলার শিহিপুর এলাকায় অবস্থিত ‘আল আব্দুল্লাহ জামে মসজিদ’-এর নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। স্থানীয় মুসল্লিদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা পূরণে পুরোনো আধা-পাকা টিনশেড মসজিদটি ভেঙে আধুনিক কলাম ও ছাদ ঢালাই বিশিষ্ট মসজিদ নির্মাণের এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
সোমবার (২৫ মে) এই মসজিদের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন দিগদাইড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল হক টুল্লু এবং ইঞ্জিনিয়ার হাফেজ মাওলানা নাসিদুল হক মাসনবী।
ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র মসজিদের সভাপতি সেলিম উদ্দিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, দপ্তর সম্পাদক আহম্মদ আলী, অরেছ মাস্টার এবং মসজিদের ইমাম সাব্বির আহমেদ ওসমানীসহ এলাকার বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এলাকার মুসল্লিদের জন্য একটি আধুনিক ও স্বাচ্ছন্দ্যময় নামাজের পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যেই এই নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্মাণ কাজ দ্রুত এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করতে তারা এলাকাবাসী ও বিত্তবানদের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
ভিত্তি প্রস্তর স্থাপন শেষে মসজিদের নির্মাণ কাজের দ্রুত অগ্রগতি এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
স্থানীয় মুসল্লিরা এই মহতী উদ্যোগকে স্বাগত জানিয়ে মসজিদ নির্মাণে সকলের সহযোগিতা কামনা করেছেন।

নিজস্ব প্রতিবেদক 




















