
শিমুল হাসান, আদমদিঘী প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘিতে চোলাই মদ ও গাঁজাসহ পাঁচজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গত সোমবার দিবাগত রাতে আদমদীঘির ইশবপুর ও রামপুরা বাজার মোড়ে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসব ঘটনায় আদমদীঘি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দু’টি মামলা হয়েছে।
আদমদীঘি থানা পুলিশ জানায়, গত সোমবার দিবাগত রাতে আদমদীঘি থানার টহল পুলিশ আদমদীঘির সান্তাহার-তিলকপুর সড়কের ইশবপুর ব্রিজের ওপর থেকে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার বড়গাছা শাহপাড়ার আলিমউদ্দিনের ছেলে আব্দুল মালেক শাহকে ১০ লিটার চোলাই মদসহ গ্রেফতার করে। এছাড়া একই রাতে আদমদীঘি সদর ইউপি’র রামপুরা বাজার এলাকা থেকে ১শ’ গ্রাম গাঁজাসহ আদমদীঘির কদমা গ্রামের খয়ের আলীর ছেলে সিরাজুল ইসলাম (৫৫), আবুল হোসেনের ছেলে মিঠু প্রাং (৪৫), রামপুরা গ্রামের আজিম উদ্দিনের ছেলে সোহেল রানা ধলু (৪০) ও দক্ষিণ গনিপুর গ্রামের রবেশ আলীর ছেলে উজ্জ্বল হোসেনকে (৪৫) গ্রেফতার করা হয়।
ওসি রেজাউল করিম জানান, গ্রেফতারকৃতদের ২৪ অক্টোবর মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

প্রতিবেদক 




















