
মুহাম্মাদ আবু মুসাঃ কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ১৮জুলাই/২৩ মঙ্গলবার বগুড়া জেলা বিএনপির পদযাত্রা ছিল। জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা’র নেতৃত্বে শহরের মাটিডালী থেকে ও সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা’র নেতৃত্বে পদযাত্রা বনানী থেকে শহরের নবাববাড়ীস্থ দলীয় কার্যালয়ের সামনে এসে সমাবেত হওয়ার কথা। কিছু বাধা ও বিচ্ছিন্ন ঘটনার মধ্যে দিয়ে পদযাত্রা মাটিডালী থেকে দলীয় কার্যালয়ের সামনে আসলেও বনানী থেকে শহরের ইয়াকুবিয়া বালিকা বিদ্যালয় মোড়ে আসলে বিএনপির নেতা-কর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ বাঁধে। পরে দলীয় কার্যালয়ের সামনে নবাববাড়ী সড়কে বিএনপির নেতা-কর্মীদের সাথেও পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। এ সময় বিএনপির নেতা-কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে। এর জবাবে পুলিশ রাবার বুলেট ও টিয়ার সেল ছুঁড়ে। প্রায় ঘন্টাব্যাপী এ সংঘর্ষ হয়। এ সময় ককটেল বিস্ফোরণের শব্দও শোনা যায়। বিকট শব্দের কারনে শহরের ইয়াকুবিয়া বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে চরম আতংকের সৃষ্টি হয়। পরে প্রায় ৪০জন শিক্ষার্থী মোহাম্মাদ আলীসহ বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেয় বলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহাদৎ হোসেন জানান। এ ছাড়া জেলা আওয়ামী লীগের উদ্যোগে শহরের শহীদ খোকন পার্কে শান্তি সমাবেশ ও শান্তি মিছিল করা হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান মজনু’র সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু, যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম মোহন প্রমূখ। বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী সাংবাদিকদের জানান, বিএনপির শান্তিপূর্ণভাবে পদযাত্রা করার জন্য আমরা সহযোগিতা করেছি। কিন্তু তারা অশান্তি সৃষ্টি করে আমাদের পুলিশ সদস্যদেরকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে ১০/১৫ পুলিশ সদস্যকে আহত করেছে।

প্রতিবেদক 




















