
স্টাফ রিপোর্টার: বাঙালি নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়া কলেজ ছাত্র রাকিবুল হাসান রাকিব (২৪) এর লাশ রাজশাহী ডুবারু দল ২৩ ঘন্টা পর উদ্ধার করেছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, ২৩ সেপ্টেম্বর সমবার বেলা আনুমানিক সাড়ে ১১টার সময় সোনাতলার সৈয়দ আহম্মদ কলেজ ষ্টেশন এলাকার পার্শ্ববর্তী গাবতলী উপজেলার তেলিহাটা পাচানীপাড়া এলাকার বিশ্ববিদ্যালয় ও কলেজ পড়ুয়া ৫ বন্ধু সারিয়াকান্দি উপজেলার নারচী ইউনিয়নের গনকপাড়া বাঙালি নদীতে গোসল করতে যায়। সেখানে গোসল করার এক পর্যায়ে ওই এলাকার সৌদি প্রবাসী টুটুল মোল্লার ছেলে ও বগুড়া সরকারি আযিযুল হক কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২য় বর্ষের ছাত্র রাকিবুল হাসান রাকিব পানিতে ডুবে নিখোঁজ হয়। এরপর ডুবারু দল বিকাল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। এরপর উদ্ধার অভিযান বন্ধ থাকে। ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার পুনরায় রাজশাহীর ডুবারু দল ওই কলেজ ছাত্রের লাশ উদ্ধারে নদীতে নামে। অবশেষে নিখোঁজের ২৩ ঘন্টা পর রাকিবুল হাসান রাকিবের লাশ উদ্ধার করে। ওই কলেজ ছাত্রের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে ওই ঘটনায় আরও ৪ জন বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া কলেজ ছাত্র ওই নদীতে গোসল করতে গিয়ে অসুস্থ হয়ে পড়ে। তারা হলেন, একই গ্রামের নাহারুল ইসলামের ছেলে ও ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী লিমন মিয়া (২৮), রেজ্জাক মিয়া টুনুর ছেলে ও সৈয়দ আহম্মদ কলেজের অনার্স পড়ুয়া ছাত্র মহন মিয়া (২৪), রানা মিয়ার ছেলে পাপ্পু মিয়া (২২) ও শাহিন মিয়ার ছেলে শাওন ইসলাম (২৫) । এরপর স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে একটি নৌকা নিয়ে গিয়ে ওই ৪ জনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে।
উল্লেখ্য, ওই ৫ কলেজ ছাত্র প্রচন্ড গরমের কারণে পার্শ্ববর্তী সারিয়াকান্দি উপজেলার নারচি ইউনিয়নের গনকপাড়ার গাছবাড়ি এলাকায় বাঙালি নদীতে গোসল করতে গিয়ে পাল্লা ধরে নদীর এপার থেকে ওপারে যায়। আবার ওপার থেকে এপারে আসার সময় রাকিবুল হাসান রাকিব পানিতে ডুবে গিয়ে নিখোঁজ হয়।

প্রতিবেদক 




















