
শাফায়াত সজল, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার রাজাপুর ইউনিয়নের জয়বাংলা হাটে আলোচিত ও চাঞ্চল্যকর রোহান চৌধুরী হত্যা মামলার অন্যতম প্রধান দুইজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে বগুড়া সদর থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, রাজাপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও বগুড়া সদর উপজেলার কুটুরবাড়ী এলাকার মৃত লাল মোহাম্মদের ছেলে মোঃ গিয়াস উদ্দিন (৫৫) এবং গিয়াস উদ্দিনের ছোট ছেলে মোঃ সাগর মিয়া (২২)। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইহান ওলিউল্লাহ।
বগুড়া সদর থানার পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানা গেছে, বিশেষ গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার (৭ডিসেম্বর) বগুড়া সদর থানা পুলিশের বিশেষ অভিযানে রোহান হত্যা মামলার প্রধান আসামি গিয়াস মেম্বার ও তার ছোট ছেলে সাগরকে গ্রেফতার করা হয়েছে।
এবিষয়ে বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইহান ওলিউল্লাহ জানান, রোহান হত্যা মামলার দুইজন আসামি পিতাপুত্রকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও অন্যান্য পলাতক সকল আসামিদের গ্রেফতারের জন্য বিশেষ অভিযান অব্যাহত আছে। উল্লেখ্য যে, চলতি বছরের গত ১১ অক্টোবর দুপুরবেলা পূর্বের মামলার হাজিরা দেওয়ার জন্য বগুড়া জেলা আদালতে যাওয়ার জন্য বাড়ি থেকে শহরে যাওয়ার জন্য বের হলে বগুড়া সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের জয়বাংলা ঈদগাহ্ মাঠ এলাকার রাস্তায় উপর বাদী পক্ষের লোকজন আক্রমণ করে রোহান ও তার বন্ধু সেলিম হোসেন এর উপর।
এসময় লাঠি ও রড দিয়ে আঘাত করে বিবাদীরা পালিয়ে যায়। খবর পেয়ে দ্রুত সদর থানা পুলিশ আহত রোহানকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে আনুমানিক দুপুর পৌণে ১ টার দিকে কর্তব্যরত চিকিৎসক রোহানকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় রোহানের বন্ধু সেলিম গুরুতর আহত। এই ঘটনায় গত ১৩ অক্টোবর/২৩ বগুড়া সদর থানায় হত্যা মামলা করেন রোহানের পরিবার। সেই মামলাতেই আসামী দুইজন গিয়াস উদ্দীন ও তার ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ।

প্রতিবেদক 




















