
নিজস্ব প্রতিবেদক,বিএসটিআইয়ের সিএম (সার্টিফিকেশন মার্ক) লাইসেন্স ছাড়া কেক ও বিস্কুট বিক্রি এবং প্যাকেটে উল্লেখিত পরিমাণের চেয়ে কম ওজনের পণ্য সরবরাহের দায়ে পাবনা সদর উপজেলার একটি খাদ্যপণ্য প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।বুধবার (২৫ শে নভেম্বর) বিএসটিআই পাবনা আঞ্চলিক কার্যালয় ও পাবনা জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্টে এ জরিমানা করা হয়।
অভিযানকালে সদর উপজেলার শিবরামপুরে অবস্থিত রাজা ফুড প্রোডাক্টস-কে বিএসটি আইয়ের বৈধ সিএম লাইসেন্স ছাড়াই কেক ও বিস্কুট বিক্রি করতে দেখা যায়। এ ছাড়া মোবাইল কোর্ট চলাকালে দায়িত্ব পালনে বাধা দেওয়ায় বিএসটিআই আইন ২০১৮-এর ৩০ ধারায় প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
পাশাপাশি প্রতিষ্ঠানটির বিস্কুটের প্যাকেটে উল্লেখিত পরিমাণের তুলনায় কম ওজন পাওয়া যাওয়ায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইন ২০১৮-এর ২৯ ধারায় আরও ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। সব মিলিয়ে দুটি মামলায় মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মোবাইল কোর্টে নেতৃত্ব দেন পাবনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিজিৎ রায়। প্রসিকিউটর হিসেবে ছিলেন বিএসটিআইয়ের ইন্সপেক্টর (মেট্রোলজি) উৎপল কুমার এবং ফিল্ড অফিসার (সিএম) মোঃ রায়হানুল হক।
বিএসটিআই পাবনা আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক ও অফিস প্রধান মোঃ জাহেদুল ইসলাম বলেন, জনস্বার্থে ভোক্তাদের নিরাপদ ও মানসম্মত পণ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


প্রতিবেদক 


















