
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের প্রধান সড়কের ঘোড়াঘাট নামক এলাকায় সান্তাহার-নওগাঁ সড়কে ব্রিটিশ আমলে নির্মিত একটি কালভার্ট ব্রীজ বর্তমানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। দীর্ঘদিনের পুরোনো এ কালভার্ট ব্রীজটি জরাজীর্ণ হয়ে পড়ায় যে কোনো সময় ধসে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।
জানা গেছে, গুরুত্বপূর্ণ এ সড়ক দিয়ে প্রতিদিন অসংখ্য যানবাহন ও পথচারী চলাচল করেন। কিন্তু ঝুঁকিপূর্ণ কালভার্ট ব্রীজটি সংস্কার কিংবা নতুন করে নির্মাণের কার্যকর উদ্যোগ এখনও দৃশ্যমান নয়। এদিকে কালভার্ট ব্রীজটি দায়িত্ব নিয়ে বগুড়া ও নওগাঁ সড়ক ও জনপথ বিভাগের মধ্যে সীমানাগত জটিলতা দেখা দিয়েছে। বগুড়া সড়ক ও জনপথ বিভাগ বলছে, কালভার্টটি নওগাঁ সড়ক ও জনপথ বিভাগের অধীনে। অন্যদিকে দায়িত্ব নির্ধারণের এ জটিলতার কারণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে বিলম্ব হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এই ঝুঁকিপূর্ণ কালভার্ট ব্রীজটি দ্রুত নতুন করে নির্মাণ করার জন্য সান্তাহার পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টুসহ স্থানীয় বিএনপির নেতা-কর্মীদের সাথে বগুড়া-৩ আসনের সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য আব্দুল মহিত তালুকদারের সাথে আলোচনা হয়েছে। এবং ঝুঁকিপূর্ণ কালভার্ট ব্রীজটি যত দ্রুত সম্ভব নতুন করে নির্মাণ করার জন্য তিনি সার্বিক সহযোগিতা আশ্বাস প্রদান করেন।শনিবার (৩১ অক্টোবর) দুপুরে ঝুঁকিপূর্ণ কালভার্ট ব্রীজটি পরিদর্শন করেন সান্তাহার পৌর বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন ভুট্টু।
এসময় উপস্থিত ছিলেন, বগুড়া জেলা বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকন সহ বিভিন্ন নের্তৃবৃন্দ। কালভার্ট ব্রীজটি পরিদর্শনের সময় সান্তাহার পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু সাংবাদিকদের বলেন, সান্তাহার পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়কে অবস্থিত ব্রিটিশ আমলের এ কালভার্ট ব্রীজটি এখন অত্যন্ত ঝুঁকিপূর্ণ। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। বড় কোন দুর্ঘটনা ঘটার আগেই সংস্কার করা প্রয়োজন।

প্রতিবেদক 








