
মুহাম্মাদ আবু মুসাঃ “নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস/২৬ উপলক্ষে বৃহস্পতিবার নিরাপদ সড়ক চাই (নিসচা) জেলা কমিটির উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি মহানগরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সাতমাথায় সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নিসচা জেলা কমিটির সভাপতি হাসান আলী আলালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম সোহাগ এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তৌফিকুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) আতোয়ার রহমান এবং হাইওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন। সমাবেশে সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথিসহ অন্যান্য বক্তা নিরাপদ সড়ক গড়ে তুলতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তি ও সাধারণ জনগণকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং মানুষের জীবন রক্ষায় নিসচার সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও প্রত্যাশা ব্যক্ত করা হয়।
সমাবেশে নিসচা বগুড়া জেলা কমিটির নেতৃবৃন্দ সড়ক দুর্ঘটনা রোধে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান জানান। তাঁরা বলেন, ট্রাফিক আইন মেনে চলা, নির্ধারিত গতিসীমা বজায় রাখা, ঝুঁকিপূর্ণ ওভারটেকিং থেকে বিরত থাকা এবং সড়কে দায়িত্বশীল আচরণ নিশ্চিত করার মাধ্যমে দুর্ঘটনা ও প্রাণহানি কমিয়ে আনা সম্ভব।

প্রতিবেদক 


















