
মোকামতলা (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার মোকামতলা এলাকায় ট্রাকচাপায় রফিকুল ইসলাম (৩৫) নামে এক বিজিবি সদস্য নিহত হয়েছেন। শনিবার (২২ আগস্ট) সকাল ৯টার দিকে বগুড়া-রংপুর মহাসড়কের মোকামতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রফিকুল ইসলাম কুড়িগ্রামের রাজারহাট উপজেলার পান্তাপাড়া গ্রামের কফিল উদ্দিনের ছেলে। তিনি নওগাঁর পত্নীতলা বিজিবি ক্যাম্পে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ছুটিতে দুই বিজিবি সদস্য পত্নীতলা বিজিবি ক্যাম্প থেকে নিজ জেলা কুড়িগ্রামের উদ্দেশে রওনা দেন। পথে তারা মোকামতলা এলাকায় যাত্রাবিরতি করেন। পরে সড়ক পার হওয়ার সময় বগুড়া থেকে রংপুরগামী একটি ট্রাক রফিকুল ইসলামকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।
মোকামতলা ট্রাফিক ফাঁড়ির সার্জেন্ট বুলবুল ইসলাম জানান, দুর্ঘটনার সঙ্গে জড়িত ট্রাকটি শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রতিবেদক 




















