
বগুড়ার সোনাতলা উপজেলার দিগদাইড় ইউনিয়নে টানা বর্ষণে বেশ কিছু গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে জনদুর্ভোগ চরমে পৌঁছালে গতকাল সোমবার (১৩ জুলাই) এলাকা পরিদর্শন করেছেন দিগদাইড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শহিদুল হক টুল্লু।
সরেজমিনে পরিদর্শনের সময় চেয়ারম্যান ইউনিয়নের বিভিন্ন এলাকায় বৃষ্টির ফলে ভেঙে যাওয়া ও ক্ষতিগ্রস্ত সড়কগুলোর বর্তমান অবস্থা পর্যালোচনা করেন। এ সময় স্থানীয় বাসিন্দা এবং জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলে তিনি তাদের ভোগান্তির বিস্তারিত শোনেন।
ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে চেয়ারম্যান শহিদুল হক টুল্লু বলেন, সাম্প্রতিক ভারী বর্ষণে ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থার উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে। সড়কগুলো চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় মানুষের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। জনগণের এই দুর্ভোগ লাঘবে অতি দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে সড়কগুলো সংস্কারের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে।
তিনি আরও জানান, মেরামতের কাজ দ্রুত শুরু করার জন্য তিনি সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। পরিদর্শনকালে সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দ্রুত সংস্কারের আশ্বাসে স্থানীয়দের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে।

প্রতিবেদক 




















