
বগুড়ার সোনাতলা উপজেলার দিগদাইড় ইউনিয়নের শিহিপুর এলাকায় অবস্থিত আইডিয়াল প্রি-ক্যাডেট স্কুল-এ প্রথম পর্বের মূল্যায়ন পরীক্ষার ফলাফল প্রকাশ ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শিক্ষাঙ্গনে আনন্দঘন পরিবেশ তৈরির পাশাপাশি পরিবেশ সুরক্ষায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিদ্যালয় কর্তৃপক্ষ গ্রহণ করেছে এক ব্যতিক্রমী উদ্যোগ।
মঙ্গলবার (১৬ জুন) আয়োজিত এই অনুষ্ঠানে বিদ্যালয়ের পরিচালক ও অধ্যক্ষ হাবিবুর রহমান, ভাইস প্রিন্সিপাল মিজানুর রহমান রনি। এছাড়াও অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল সিনিয়র ও সহকারী শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী, অভিভাবকবৃন্দ এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রথম পর্বের মূল্যায়ন পরীক্ষার ফলাফল প্রকাশের পর প্রতিটি শিক্ষার্থীর হাতে উপহার হিসেবে একটি করে ফলজ গাছের চারা এবং একটি রঙিন বেলুন তুলে দেওয়া হয়। ফলাফল পাওয়ার আনন্দ ও নতুন উপহার হাতে পেয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বসিত হয়ে ওঠে। অভিভাবকদের মাঝেও এই উদ্যোগটি বেশ প্রশংসা কুড়িয়েছে।
বিদ্যালয়ের পরিচালক ও অধ্যক্ষ হাবিবুর রহমান বলেন, আমরা কেবল পাঠ্যবইয়ের শিক্ষায় সীমাবদ্ধ থাকতে চাই না। শিশুদের সৃজনশীল ও পরিবেশবান্ধব মানুষ হিসেবে গড়ে তুলতেই আজকের এই ক্ষুদ্র প্রয়াস। একটি গাছের চারা রোপণের মাধ্যমে শিশুরা যেমন প্রকৃতির কাছাকাছি আসবে, তেমনি তারা দায়িত্ববোধ শিখবে।
ভাইস প্রিন্সিপাল মিজানুর রহমান রনি বলেন, শিক্ষার্থীদের পরীক্ষার চাপের বাইরে এনে তাদের আনন্দ দিতেই আমাদের এই আয়োজন। শিক্ষার্থীদের হাতে চারাগাছ তুলে দেওয়ার মূল লক্ষ্য হলো, আগামীর প্রজন্মকে সবুজ পৃথিবী গড়ার কাজে উদ্বুদ্ধ করা।
উপস্থিত অভিভাবকরা বিদ্যালয়ের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, ফলাফল প্রকাশের দিনে বাচ্চাদের এমন উপহার পেয়ে তারা অত্যন্ত আনন্দিত। বিদ্যালয়ের পড়াশোনার পাশাপাশি এমন সৃজনশীল ও শিক্ষামূলক কার্যক্রম শিশুদের মানসিক বিকাশে সহায়ক হবে।
অনুষ্ঠান শেষে মেধাবী ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে বিশেষ উৎসাহমূলক আলোচনা করা হয় এবং বিদ্যালয়ের সার্বিক অগ্রগতির জন্য সকলের সহযোগিতা কামনা করা হয়।

প্রতিবেদক 




















