
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (শিল্প মন্ত্রণালয় সংক্রান্ত) রুহুল কবির রিজভীর ব্যক্তিগত কর্মকর্তা (পিও) হিসেবে নিয়োগ পেয়েছেন বগুড়ার সোনাতলা উপজেলার কৃতি সন্তান আরিফুর রহমান (তুষার)। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা এক অফিস আদেশের মাধ্যমে এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রশাসন অধিশাখা থেকে জারি করা আদেশে জানানো হয়, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভীর ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে আরিফুর রহমান তুষারকে দায়িত্ব প্রদান করা হয়েছে। তিনি সরকারি বিধি মোতাবেক বেতন-ভাতা প্রাপ্য হবেন এবং সংশ্লিষ্ট উপদেষ্টার সন্তুষ্টি সাপেক্ষে এই পদে বহাল থাকবেন। আজ বৃহস্পতিবারই তিনি নতুন কর্মস্থলে যোগদান করেছেন।
উল্লেখ্য, একই আদেশে রুহুল কবির রিজভীর জন্য আরও দুজনকে নিয়োগ দেওয়া হয়েছে। তারা হলেন— ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে মশিউর রহমান এবং জমাদার হিসেবে মহেদ আলী।
এলাকায় আনন্দের আমেজ
আরিফুর রহমান তুষারের এই অর্জনে তার নিজ এলাকা বগুড়া সোনাতলায় আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। বিশেষ করে তার প্রাক্তন শিক্ষা প্রতিষ্ঠান সুখানপুকুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস দেখা দিয়েছে।
তুষারের এই সাফল্যে তাকে প্রাণঢালা শুভেচ্ছা জানিয়েছেন সুখানপুকুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশিদ। এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, আরিফুর রহমান তুষার আমাদের সুখানপুকুর উচ্চ বিদ্যালয়ের একজন প্রাক্তন ছাত্র। আজ সে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদে দায়িত্ব পেয়েছে, এটি আমাদের স্কুল তথা পুরো সোনাতলার জন্য গর্বের বিষয়। আমি তার উজ্জ্বল ভবিষ্যৎ ও উত্তরোত্তর সাফল্য কামনা করছি।

নিজস্ব প্রতিবেদক 




















