
বগুড়ার সোনাতলায় উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় ও বর্ণাঢ্য কর্মসূচির মধ্য দিয়ে ৫৬তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় স্টেডিয়াম মাঠে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্বীকৃতি প্রামানিকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি স্বাধীনতার গুরুত্ব তুলে ধরেন এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) শাহনাজ পারভীন, সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) কবীর হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন কবিরাজ, উপজেলা কৃষি কর্মকর্তা সোহরাব হোসেন, উপজেলা প্রকৌশলী আতিকুর রহমান তালুকদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেফাউল আজম।
এছাড়াও বীর মুক্তিযোদ্ধা সাহাজুল ইসলাম গাজী, ইউপি চেয়ারম্যান গোলাম রব্বানী ও রাজ্জাকুল ইসলাম রাজ্জাক সহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচির শেষ পর্যায়ে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়। এর আগে সকালে কুচকাওয়াজ, শরীরচর্চা প্রদর্শনী ও আলোচনা সভার আয়োজন করা হয়। বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা এসব কর্মসূচিতে অংশগ্রহণ করে।

নিজস্ব প্রতিবেদক 




















