
বগুড়ার সোনাতলা উপজেলার দিগদাইড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় বিএনপি নেতা আলহাজ্ব শহিদুল হক টুল্লুর ব্যক্তিগত উদ্যোগে এক বিশাল ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পবিত্র মাহে রমজান উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা ধর্মপ্রাণ মুসল্লি ও রাজনৈতিক নেতৃবৃন্দের মিলনমেলায় পরিণত হয়।
মঙ্গলবার ৩ মার্চ সৈয়দ আহম্মদ কলেজ স্টেশনে চেয়ারম্যানের নিজস্ব চাতালে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে দিগদাইড় ইউনিয়ন ও সোনাতলা উপজেলার প্রায় সহস্রাধিক রোজাদার ব্যক্তি অংশগ্রহণ করেন।
ইফতারের ঠিক পূর্ব মুহূর্তে দেশ ও জাতির কল্যাণ, শান্তি-সমৃদ্ধি এবং সমগ্র মুসলিম উম্মাহর মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। এসময় উপস্থিত মুসল্লিরা মহান আল্লাহর দরবারে কান্নাকাটি করে ক্ষমা ও রহমত প্রার্থনা করেন।
অনুষ্ঠানে দিগদাইড় ইউনিয়ন ও স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলহাজ্ব শহিদুল হক টুল্লু বলেন, রমজান আমাদের ত্যাগের শিক্ষা দেয়। সবাইকে নিয়ে একসঙ্গে ইফতার করার মধ্য দিয়ে পারস্পরিক সম্প্রীতি ও ভালোবাসা আরও সুদৃঢ় হয়। এলাকাবাসীর সঙ্গে এই আনন্দ ভাগ করে নিতে পেরে আমি আনন্দিত। ইনশাআল্লাহ, ভবিষ্যতেও এই ধরনের জনকল্যাণমূলক ও ধর্মীয় আয়োজন অব্যাহত থাকবে।
চাতালে আয়োজিত এই ইফতার মাহফিলে আগত অতিথিদের যথাযথ আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠানটি অত্যন্ত সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।






















