
নিজস্ব প্রতিবেদক: ১৭ ফেব্রুয়ারি, ২০২৬ বগুড়ার সোনাতলা উপজেলার দিগদাইড় ইউনিয়নের শিহিপুর এলাকায় অবস্থিত সুখানপুকুর উচ্চ বিদ্যালয়ে অত্যন্ত আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘পিঠা উৎসব ২০২৬। শীতের আমেজ আর গ্রামবাংলার চিরায়ত ঐতিহ্যের মিশেলে বিদ্যালয় প্রাঙ্গণ এদিন পরিণত হয়েছিল এক মিলনমেলায়।
উৎসবের শুভ উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশিদ। উদ্বোধনকালে তিনি বলেন, শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের পাশাপাশি বাঙালির কৃষ্টি ও সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দেওয়া আমাদের অন্যতম উদ্দেশ্য। পিঠা উৎসব সেই ঐতিহ্যেরই একটি অবিচ্ছেদ্য অংশ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক সুলতান হাবিব। এছাড়াও বিদ্যালয়ের সকল সহকারী শিক্ষক, কর্মচারী, অভিভাবক এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী এই উৎসবের অংশ নেন।
উৎসবকে কেন্দ্র করে বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। শীতের সকালের মিষ্টি রোদে হরেক রকমের পিঠার ঘ্রাণে চারপাশ মউ মউ করছিল। পড়াশোনার ব্যস্ততার ফাঁকে বন্ধু-বান্ধবদের সাথে নিয়ে এমন আনন্দ-বিনোদনে মেতে উঠতে পেরে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা।
হরেক রকমের নকশা করা পিঠা, ভাপা, পুলি ও পাটিসাপটাসহ বিভিন্ন দেশীয় পিঠার পসরা সাজিয়েছিল শিক্ষার্থীরা। কেবল খাওয়াদাওয়া নয়, বরং বাঙালির হারানো ঐতিহ্যকে লালন করার এক অনন্য প্রয়াস দেখা গেছে এই উৎসবে।

প্রতিবেদক 




















