
স্টাফ রিপোর্টারঃ বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় ট্রাকের ধাক্কায় উৎসব কুমার চন্দ্র (১২) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। রোববার (২২ মার্চ) উপজেলার ধুন্দার বাজার সংলগ্ন ধুন্দার-টু-পিং হাজারকীগামী আঞ্চলিক পাকা সড়কে বেলা ১টায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।নিহত উৎসব কুমার চন্দ্র নন্দীগ্রাম উপজেলার মারিয়া হিন্দু পাড়ার বাসিন্দা শ্রী বিকাশ চন্দ্রের ছেলে। সে বাইসাইকেল নিয়ে পিং হাজারকীর দিকে যাচ্ছিল।স্থানীয় সূত্রে জানা যায়,ধুন্দার বাজার এলাকার জনৈক দয়াল চন্দ্রের বাড়ির সামনে পৌঁছালে পিং হাজারকীর দিক থেকে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘাতক ট্রাকটির রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-ট ২৪-২৪৯৬।
দুর্ঘটনার পর স্থানীয় উত্তেজিত জনতা ট্রাকচালককে আটক করার চেষ্টা করে এবং এ সময় পুলিশের সাথে বাকবিতন্ডায় জরিয়ে পড়ে। এ সময়ে পরিস্থিতি কিছুটা বিরুপ হয়ে উঠে।পরে পুলিশ ট্রাকটি জব্দ করে এবং চালক সহ দুই সহোদর ভাই মোঃ মিঠু মন্ডল (৩৮) ও মোঃ দুলাল হোসেন (৩৮), পিতা মৃত আয়েজ উদ্দিন, সাং মির্জাপুর সরকারপাড়া,থানা শেরপুর,জেলা বগুড়াকে আটক করে থানায় নিয়ে যায়।নিহতের লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য বিজরুল স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তারিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,এ ঘটনায় ২জন সহদর ভাইকে আটক করা হয়েছে। সংশ্লিষ্টদের বিরুদ্ধে সড়ক পরিবহন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

প্রতিবেদক 













