
অনলাইন ডেস্কঃ মারণাস্ত্র থাকবে না পুলিশের হাতে, তাদের কাছে থাকা মারণাস্ত্র জমা দিতে হবে। সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংকালে এমনটি জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
১২মে সোমবার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে উপদেষ্টা এ কথা জানান। তিনি বলেন, আমরা একটি সিদ্ধান্ত নিয়েছি। পুলিশের হাতে যাতে আর কোনো মারণাস্ত্র না থাকে। এগুলো তাদের জমা দিতে হবে। কোনো মারণাস্ত্র পুলিশের হাতে থাকবে না। অস্ত্র থাকবে আর্মড পুলিশ ব্যাটালিয়ন সদস্যদের হাতে। তাদের কাজ কিন্তু অন্য পুলিশের থেকে একটু ভিন্ন।
জানতে চাইলে কবে থেকে সিদ্ধান্ত বাস্তবায়ন হবে উপদেষ্টা বলেন, ‘আজকে কেবল মিটিংয়ে এ বিষয়ে সিদ্ধান্ত হলো। সিদ্ধান্ত বাস্তবায়নে তো একটু সময় লাগে।’
তিনি আরও বলেন ‘পুলিশের তাদের কাছে রাইফেল থাকবে।’
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরীর নেতৃত্বে কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি অন্য বিষয়ের সঙ্গে পুলিশকে মরাণাস্ত্র না দেওয়ার সিদ্ধান্তের বিষয়টি দেখবে বলেও জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

প্রতিবেদক 




















