
অনলাইন ডেস্কঃ দক্ষিণ কেরানীগঞ্জে কারাগারে স্বামীকে দেখে বাড়ি ফেরার পথে তরুণীকে (২০) দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী ওই নারী। অভিযোগের সূত্র ধরে দুজনকে আটক করেছে থানা পুলিশ।
১৬ এপ্রিল বুধবার রাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানার তেঘরিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
থানা সুত্রে, এক তরুণী ঢাকা থেকে কেরানীগঞ্জস্থ কেন্দ্রীয় কারাগারে তার স্বামীর সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিলেন। সাক্ষাৎ শেষে ১৬ এপ্রিল বুধবার রাত ৮টার দিকে কারাগারের সামনে থাকা সিএনজিতে ওঠেন। সিএনজিতে আগে থেকে থাকা দুজন নারীযাত্রী কিছু দূর যাওয়ার পর নেমে যান। এরপর সিএনজিতে ওঠানো হয় ২-৩ জন পুরুষ যাত্রীকে। চালক ও যাত্রীরা কৌশলে ভুক্তভোগীকে নারীকে তেঘরিয়া উচ্চবিদ্যালয়ের দক্ষিণ পাশের একটি নির্জন স্থানে নিয়ে যান, সেখানে তাকে রাতভর ধর্ষণ করেন। ধর্ষণকারীরা ১৭ এপ্রিল বৃহস্পতিবার ভোররাতে তাকে ওই স্হানে রেখে পালিয়ে যান।
তরুণীটি আশপাশের লোকজনের সহযোগিতায় দক্ষিণ কেরানীগঞ্জ থানা উপস্থিত হয়ে বিষয়টি পুলিশকে জানান।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, ওই নারীর অভিযোগের সূত্র ধরে ১৭ এপ্রিল বৃহস্পতিবার ঘটনার সঙ্গে জড়িত থাকার অপরাধে দুজনকে আটক করে পুলিশ। এ ঘটনায় তিনজনের নামে মামলা হয়েছে।

প্রতিবেদক 




















