
স্টাফ রিপোর্টারঃ যুব উন্নয়ন অধিদপ্তরের ইমপ্যাক্ট (IMPACT) প্রকল্পের আওতায় বগুড়ার গাবতলী উপজেলায় ‘বায়োগ্যাস প্লান্ট স্থাপনে উদ্বুদ্ধকরণ’ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার অনুষ্ঠিত এ কর্মসূচির উদ্বোধন করেন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মো. মোতাহার হোসেন। পরে তিনি সরেজমিনে একটি বায়োগ্যাস প্লান্ট পরিদর্শন করেন।
বগুড়া জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. সাহাবুদ্দীন সরদারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন মহাপরিচালক মো. মোতাহার হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইমপ্যাক্ট প্রকল্পের প্রকল্প পরিচালক এ কে এম মফিজুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে মহাপরিচালক বলেন, বায়োগ্যাস প্রযুক্তি শুধু পরিবেশবান্ধব জ্বালানির উৎস নয়, এটি গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করা, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং দারিদ্র্য বিমোচনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি বলেন, যুবসমাজকে প্রযুক্তিনির্ভর আত্মকর্মসংস্থানের সঙ্গে সম্পৃক্ত করতে সরকার বিভিন্ন বাস্তবমুখী প্রশিক্ষণ ও সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করছে।
তিনি আরও বলেন, এই প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন, পরিচালনা এবং এর অর্থনৈতিক সম্ভাবনা সম্পর্কে বাস্তব জ্ঞান অর্জন করবেন, যা তাদের স্বাবলম্বী হতে সহায়ক হবে। পাশাপাশি যুব উন্নয়ন অধিদপ্তরের ইমপ্যাক্ট প্রকল্পের মাধ্যমে আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি, পরিবেশ সংরক্ষণ, নবায়নযোগ্য জ্বালানির প্রসার এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে কাজ চলমান রয়েছে। প্রশিক্ষণপ্রাপ্তরা নিজ নিজ এলাকায় বায়োগ্যাস প্রযুক্তির সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
যুব উন্নয়ন অধিদপ্তর সূত্রে জানা যায়, যেসব খামারে কমপক্ষে ৩টি গরু অথবা ৩০০টি লেয়ার মুরগি রয়েছে, তারা সরকারি কারিগরি সহায়তায় বায়োগ্যাস প্ল্যান্ট নির্মাণের সুযোগ পাবেন। এ বিষয়ে আগ্রহীরা নিজ নিজ জেলার উপপরিচালক অথবা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করতে পারবেন।

প্রতিবেদক 













