সুলতান আহম্মেদ (সাঘাটা) গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার সাঘাটা উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ জুলহাস উদ্দিন পিন্টু (৫০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার বাঙ্গালী নদীর ব্রিজের উত্তর পাশে মোল্লারহাট ঘাটসংলগ্ন বালিয়াবেড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, গাইবান্ধা জেলা কার্যালয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনার পরিকল্পনা করা হয়। পরে অধিদপ্তরের উপপরিদর্শক মো. জাকির হোসেনের নেতৃত্বে একটি অভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি শুরু করে। এ সময় অধিদপ্তরের ওয়ারলেস অপারেটর মো. সুমন চৌধুরীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অভিযানে অংশ নেন।
অভিযান চলাকালে বালিয়াবেড় গ্রামের মো. জাহিদ হাসানের ভাড়া দেওয়া জমির পশ্চিম পাশে টিনের বেড়া ও টিনের চালা দিয়ে নির্মিত এক কক্ষবিশিষ্ট একটি বসতঘরে তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে ঘরের ভেতরে বাঁশের মাচার ওপর রাখা মাছের ফিডের বস্তার নিচে লুকিয়ে রাখা একটি নীল রঙের জিপারযুক্ত পলিপ্যাকেট পাওয়া যায়। পরে প্যাকেটটি খুলে কমলা রঙের অ্যামফিটামিনযুক্ত মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন অভিযানিক দলের সদস্যরা।
অধিদপ্তর সূত্র জানায়, উদ্ধার করা ইয়াবার সংখ্যা ৫০ পিস, যার মোট ওজন ৫ গ্রাম। জব্দ করা এসব ইয়াবার আনুমানিক অবৈধ বাজারমূল্য প্রায় ১৫ হাজার টাকা। এ ঘটনায় ঘটনাস্থল থেকেই জুলহাস উদ্দিন পিন্টুকে আটক করা হয়।
পরবর্তীতে উদ্ধার করা মাদকদ্রব্যের বিষয়ে প্রয়োজনীয় জব্দতালিকা প্রস্তুত করা হয়। সাক্ষীদের উপস্থিতিতে ইয়াবাগুলো জব্দ করে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়। পাশাপাশি উদ্ধার করা মাদকদ্রব্যের রাসায়নিক পরীক্ষার জন্য সেখান থেকে একটি নমুনা আলাদাভাবে সংরক্ষণ করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আরও জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার ১০(ক) উপধারায় শাস্তিযোগ্য অপরাধের অভিযোগে নিয়মিত মামলা দায়েরের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মামলাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, গাইবান্ধা জেলা কার্যালয়ের মাধ্যমে তদন্তাধীন রয়েছে। পরে আটক ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
এদিকে সাঘাটা উপজেলায় মাদকবিরোধী অভিযান জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। তাঁদের মতে, মাদক শুধু একজন ব্যক্তির জীবনকেই বিপর্যস্ত করে না, বরং এর নেতিবাচক প্রভাব পড়ে পরিবার, সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মের ওপর। বিশেষ করে তরুণ সমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে নিয়মিত অভিযান, মাদক কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধি জরুরি।
সচেতন মহলের প্রত্যাশা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকলে সাঘাটা উপজেলায় মাদকের বিস্তার নিয়ন্ত্রণে ইতিবাচক ভূমিকা রাখবে। মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, অভিভাবক, শিক্ষক, সাংবাদিক ও সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল