প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৬, ২০২৬, ৩:৪৯ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১৮, ২০২৬, ১২:২৯ পি.এম
৩শতক জমি নিয়ে বিরোধ—বগুড়ায় চাচাতো দুই ভাইকে কুপিয়ে হত্যা আটক-১
মুহাম্মাদ আবু মুসাঃ বগুড়ার শিবগঞ্জে মাত্র তিন শতক জমি নিয়ে বিরোধের জের ধরে চাচাতো দুই ভাইকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। এ ঘটনায় রাহাত নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সোমবার (১৮মে/২৬) উপজেলার মোকামতলা ইউনিয়নের লক্ষীপুর গ্রামে মাত্র তিন শতক জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচাতো দুই ভাইকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটে।
নিহতরা হলেন লক্ষীপুর গ্রামের জামিল উদ্দিনের ছেলে ইয়াছিন আলী (৩৫) এবং মোফাজ্জল হোসেন মোল্লার ছেলে সুমন মোল্লা (৩০)। তারা পরস্পরের চাচাতো ভাই।
দীর্ঘদিন ধরে তিন শতক জমি নিয়ে ইয়াছিন আলীর সাথে তার চাচা রেজাউলের বিরোধ চলছিল। সোমবার সকালে এই বিরোধের জেরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। একপর্যায়ে চাচার ছেলে রাহাত মণ্ডল ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ইয়াছিন আলীকে ঘটনাস্থলেই হত্যা করে। সংঘর্ষে গুরুতর আহত সুমন মোল্লাকে হাসপাতালে নেয়ার পথে মৃত্যুর কোলে ঢলে পড়েন। এ ছাড়া রিদয় নামে আরো এক যুবক আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পর তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে মূল অভিযুক্ত রাহাত মণ্ডলকে গ্রেপ্তার করেছে শিবগঞ্জ থানা পুলিশ। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহীনুজ্জামান শাহীন সাংবাদিকদের জানান, পারিবারিক ও জমি সংক্রান্ত বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামীদের গ্রেপ্তার গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল