স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলায় পাকা আমন ধান কাটার মৌসুমে হঠাৎ বৃষ্টিতে বিপাকে পড়েছেন কৃষকেরা। মাঠে কেটে রাখা ধান বৃষ্টির পানিতে ভিজে যাওয়ায় শুকানো নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এতে ধানের গুণগত মান কমে যাওয়া ও বাজারে কম দাম পাওয়ার আশঙ্কা করছেন তাঁরা। উপজেলার বিভিন্ন মাঠে কোথাও কাটা ধান সারিবদ্ধ ভাবে,কোথাও স্তূপ করে রাখা হয়েছে। বৃষ্টির পানিতে এসব ধানের গোড়ার অংশ ডুবে থাকায় পচন ও অঙ্কুরোদ্গমের আশঙ্কা করছেন কৃষকেরা। আকাশ মেঘলা থাকায় ধান শুকানোও ব্যাহত হচ্ছে। পাশাপাশি শ্রমিক সংকটে অনেক কৃষক সময়মতো ধান কাটতে না পারায় পাকা ধান মাঠে পড়ে রয়েছে।কৃষকদের আশঙ্কা,ভেজা ধান সময়মতো শুকাতে না পারলে রং ও গুণগত মান নষ্ট হবে। ফলে উৎপাদন খরচ ও শ্রমিকের মজুরি মিটিয়ে বাজারে কম দামে ধান বিক্রি করতে হলে লোকসান গুনতে হবে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে,চলতি মৌসুমে সোনাতলায় ৯ হাজার ৯০৫ হেক্টর জমিতে রোপা আমন আবাদ হয়েছে। সাম্প্রতিক বৃষ্টিতে আমন সহ বিভিন্ন ফসলের মোট ৩০ হেক্টর জমি আক্রান্ত হয়েছে। এর মধ্যে আমন ৫, মরিচ ১০, আলু ৭, সরিষা ৩, ভুট্টা ৩ ও মৌসুমি শাকসবজি ২ হেক্টর।উপজেলা কৃষি কর্মকর্তা সোহরাব হোসেন বলেন,আক্রান্ত জমির ধান দ্রুত মাড়াই করে ফেললে ক্ষতির আশঙ্কা কম থাকবে। আবহাওয়ার উন্নতি হলে ও রোদ উঠলে কৃষকেরা ধান শুকানোর সুযোগ পাবেন।আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী,সোমবার থেকে রোদ দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল