স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীর বসতবাড়ি থেকে কোডিন ফসফেটযুক্ত ২১ বোতল ESkuf সিরাপ উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ ঘটনায় ওই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সোনাতলা থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।রোববার (১৩ই সেপ্টেম্বর) দুপুর ২টা থেকে ২টা ৪০ মিনিট পর্যন্ত সোনাতলা উপজেলার দিগদাইড় ইউনিয়নের ফাজিলপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।ডিএনসি বগুড়া জেলা কার্যালয় সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ফাজিলপুর গ্রামের মোঃ আব্দুল কাশেম শেখ ওরফে ভূট্ট (৪২)-এর দখলীয় বসতবাড়িতে অভিযান চালানো হয়। এ সময় একটি প্লাস্টিকের বাজার ব্যাগের ভেতর থেকে কোডিন ফসফেটযুক্ত ESkuf নামীয় ২১টি প্লাস্টিকের বোতল উদ্ধার ও জব্দ করা হয়। প্রতিটি বোতলে ১০০ মিলিলিটার করে মোট ২ হাজার ১০০ মিলিলিটার বা ২ দশমিক ১ লিটার সিরাপ ছিল।অভিযানের সময় রেইডিং টিমের উপস্থিতি টের পেয়ে আব্দুল কাশেম শেখ ওরফে ভূট্ট দ্রুত পালিয়ে যাওয়ায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলে জানা গেছে।পলাতক আব্দুল কাশেম শেখ ওরফে ভূট্ট ফাজিলপুর গ্রামের মৃত সোলেমান আলী শেখ ও মৃত অজেদা বেগমের ছেলে।এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,বগুড়া জেলা কার্যালয়ের উপপরিদর্শক মোঃ তাহিদুল আলম বাদী হয়ে সোনাতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৪(খ) ধারায় মামলা দায়ের করেছেন।
ডিএনসি জানিয়েছে, পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। একই সঙ্গে উদ্ধার হওয়া মাদকের চালানের সঙ্গে অন্য কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল