বিকাশ স্বর্ণকার,সোনাতলাঃ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বগুড়ার সোনাতলা কেন্দ্রীয় রাম নারায়ণ বিহানী বারোয়ারী দুর্গামন্দির পরিদর্শন করেছেন জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। রোববার (১৮ই অক্টোবর) রাত ১১টার দিকে তাঁরা মন্দির পরিদর্শন করেন। এ সময় মন্দির কমিটির সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং উপহার হিসেবে এক ঝুড়ি ফল তুলে দেন।বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ,পিপিএমের নেতৃত্বে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা মন্দির পরিদর্শনে অংশ নেন। এ সময় তাঁরা দুর্গোৎসবের সার্বিক নিরাপত্তাব্যবস্থা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির খোঁজখবর নেন।পরিদর্শনকালে পুলিশ কর্মকর্তারা বলেন,শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে উদ্যাপনের লক্ষ্যে প্রতিটি মন্দিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পাশাপাশি সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। পূজামণ্ডপে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং পূজারীদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বদা তৎপর রয়েছে।তাঁরা আরও বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ বাংলাদেশ। এ দেশে সব ধর্মের মানুষ যুগ যুগ ধরে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির মধ্য দিয়ে ধর্মীয় উৎসব পালন করে আসছেন। শারদীয় দুর্গোৎসবও সবার সম্মিলিত অংশগ্রহণে আনন্দমুখর ও শান্তিপূর্ণভাবে উদ্যাপিত হচ্ছে। এই সম্প্রীতির বন্ধন অটুট রাখতে সবাইকে সহযোগিতার আহ্বান জানান তাঁরা।এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ আসাদুজ্জামান,অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবু সুফিয়ান,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ রায়হান উদ্দিন মোরাদ,পিপিএম, সহকারী পুলিশ সুপার (শিবগঞ্জ-সোনাতলা সার্কেল) মোঃ রবিউল ইসলাম,বগুড়া জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ ইকবাল বাহার এবং সোনাতলা থানার অফিসার ইনচার্জ মোঃ কবির হোসেন সহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা।
এ ছাড়া উপস্থিত ছিলেন সোনাতলা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিকাশ স্বর্ণকার,সাধারণ সম্পাদক মনোরঞ্জন সাহা, সাংগঠনিক সম্পাদক গগন পাল,কেন্দ্রীয় মন্দির কমিটির সাধারণ সম্পাদক নিতাই লাল সাহাসহ মন্দির কমিটির অন্যান্য সদস্য।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল