স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলায় আদালতে বিচারাধীন সম্পত্তিতে জোরপূর্বক প্রবেশ করে প্রায় ৮০টি গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।
মঙ্গলবার (৬ই অক্টোবর) সোনাতলায় আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ অভিযোগ করেন পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের গড়ফতেপুর গ্রামের বাসিন্দা মোঃ জাকিরুল ইসলাম জাকির। তিনি মুঞ্জুরুল ইসলামের ছেলে।
সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে জাকিরুল ইসলাম জাকির বলেন, তার নানী মোছাঃ হাসনা বানুর নামে কবলা দলিলমূলে গড়ফতেপুর মৌজার সাবেক ৩০৪ দাগের সম্পত্তি রয়েছে। পরবর্তীতে তারা ওয়ারিশসূত্রে ওই সম্পত্তি ভোগদখল করে আসছেন। সেখানে তাদের ঘরবাড়ি ও বিভিন্ন প্রজাতির গাছপালা রয়েছে।তিনি অভিযোগ করেন,সম্পত্তি নিয়ে বিরোধের জেরে কয়েকজন ব্যক্তি দীর্ঘদিন ধরে তাদের ভোগদখলে বাধা ও ভয়ভীতি প্রদর্শন করে আসছেন। এ নিয়ে তার নানী মোছাঃ হাসনা বানু বগুড়ার বিজ্ঞ সহকারী জজ আদালতে ৮৯/২০২৩ নম্বর মামলা দায়ের করেন। মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে।লিখিত বক্তব্যে তিনি আরও অভিযোগ করেন,গত ৫ অক্টোবর সকাল আনুমানিক ১০টার দিকে মোঃ খলিলুর রহমান,মোঃ নান্নু মিয়া, মোছাঃ নুরুন নাহার বেগম ও মোঃ সুজন মিয়া তাদের ভোগদখলীয় সম্পত্তিতে প্রবেশ করে ছোট-বড় বিভিন্ন প্রজাতির প্রায় ৮০টি গাছ কেটে ফেলেন। এতে আনুমানিক ২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।এ সময় গাছ কাটতে বাধা দিলে অভিযুক্তরা গালিগালাজ ও মারধরের চেষ্টা করেন বলেও অভিযোগ করেন জাকির। একই সঙ্গে ভবিষ্যতে গাছপালা কেটে ফেলা,মারধর ও খুন-জখমের হুমকি দেওয়ার অভিযোগও করেন তিনি।জাকিরুল ইসলাম বলেন,ঘটনার সময় স্থানীয় কয়েকজন ব্যক্তি উপস্থিত ছিলেন। তাদের মধ্যে মোঃ রাসেল সরকার ও মোঃ জুলফিকার আলী বাবলাসহ আরও অনেকে ঘটনাটি প্রত্যক্ষ করেছেন বলে তিনি দাবি করেন।
সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, তারা কোনো সংঘাত চান না এবং আইন নিজের হাতে তুলে নিতে চান না। আদালতে বিচারাধীন সম্পত্তির বিরোধ আদালতের মাধ্যমেই নিষ্পত্তি চান তারা। একই সঙ্গে নিজেদের জানমাল ও সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।তিনি প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে ৫ অক্টোবরের গাছ কাটার অভিযোগ নিরপেক্ষ তদন্ত, ক্ষয়ক্ষতির বিষয়টি যাচাই করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা, পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত এবং আদালতের সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সম্পত্তি নিয়ে কোনো পক্ষ যাতে জোরপূর্বক কোনো কর্মকাণ্ড করতে না পারে,সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
সাংবাদিক সম্মেলনে জাকিরুল ইসলাম আরও বলেন,আমরা কারও বিরুদ্ধে অন্যায় প্রতিশোধ চাই না। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন এবং যারা আইন ভঙ্গ করেছে বলে প্রমাণিত হবে,তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক,এটাই আমাদের দাবি।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল