স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলায় নিজ বাড়ির বারান্দায় গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত অবস্থায় হাফিজার রহমান (৭০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২২শে নভেম্বর) সকালে উপজেলার বালুয়া ইউনিয়নের নগরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত হাফিজার রহমান নগরপাড়া গ্রামের মৃত বসের উদ্দিন আকন্দের ছেলে। তিনি সমাজসেবা অধিদপ্তরের অবসরপ্রাপ্ত কর্মচারী ছিলেন।পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, সম্প্রতি হাফিজার রহমানের ওপেন হার্ট সার্জারি হয়েছিল। কয়েক দিন ধরে তিনি শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। বিশেষ করে পায়খানা বন্ধ থাকায় বেশ কষ্টে ছিলেন। শনিবার দিবাগত মধ্যরাত আনুমানিক আড়াইটার দিকে তিনি স্ত্রীকে প্রস্রাব করার কথা বলে ঘরের বাইরে যান। দীর্ঘ সময় ঘরে ফিরে না আসায় স্ত্রী খোঁজাখুঁজি করতে বের হন। একপর্যায়ে বাড়ির বারান্দায় বাঁশের তিরের সঙ্গে গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান। পরে পরিবারের সদস্য ও আশপাশের লোকজন তাকে নিচে নামান এবং পুলিশকে খবর দেন।
খবর পেয়ে সোনাতলা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। এ ঘটনায় সোনাতলা থানায় একটি অপমৃত্যু মামলা (নং-২০/২০২৬) দায়ের করা হয়েছে।সোনাতলা থানার উপপরিদর্শক (এসআই) শিমুল কুমার দাস জানান,অফিসার ইনচার্জ সহ ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ দাফন-কাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা রুজু করে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল