স্টাফ রিপোর্টারঃ দুই কিডনি বিকল হয়ে গুরুতর অসুস্থ সোনাতলা উপজেলার জোড়গাছা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সদস্য সচিব মো. নাদিম মাহমুদের চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার গ্রহণ করেছেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য আলহাজ কাজী রফিকুল ইসলাম।
গত মঙ্গলবার তিনি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন নাদিম মাহমুদকে দেখতে যান। এ সময় তিনি নাদিমের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং দায়িত্বরত চিকিৎসকদের সঙ্গে উন্নত চিকিৎসার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। পরে নাদিমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তরের সিদ্ধান্ত নেন এবং তাঁর চিকিৎসার যাবতীয় ব্যয় বহনের ঘোষণা দেন।
সংসদ সদস্যের হাসপাতাল পরিদর্শনের সময় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন সোনাতলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউর হক লিপন, জেলা বিএনপির দপ্তর সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির, সোনাতলা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান বাবু, বগুড়া জেলা ছাত্রদলের সহ-প্রচার সম্পাদক মো. দুদাইব হোসেন রিমন, সোনাতলা উপজেলা ছাত্রদল নেতা আহনাফ হাবিব অর্ণবসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ জানান, সংসদ সদস্য কাজী রফিকুল ইসলামের এই মানবিক উদ্যোগে নাদিম মাহমুদের পরিবার ও স্থানীয় নেতাকর্মীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তারা তাঁর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল