বগুড়ার সোনাতলা উপজেলার দিগদাইড় ইউনিয়নের নওদাবগা গ্রামে এক অনন্য মানবিক দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। দীর্ঘদিনের অভাব-অনটন দূর করে একটি পরিবারের স্বচ্ছলতা ফেরাতে অসহায় ওমর ছানীকে একটি ব্যাটারিচালিত ভ্যান গাড়ি উপহার দিয়েছেন বিশিষ্ট সমাজসেবক হাফেজ ইঞ্জিনিয়ার নাসিদুল হক মাসনবী।
আজ শুক্রবার বিকেলে নওদাবগা গ্রামে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে ওমর ছানীর হাতে ভ্যানগাড়িটির চাবি আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়। জানা গেছে, ওমর ছানী তার স্ত্রী ও সন্তানসহ ৬ সদস্যের পরিবার নিয়ে দীর্ঘদিন ধরে চরম অর্থকষ্টে দিনাতিপাত করছিলেন। স্থায়ী কোনো আয়ের উৎস না থাকায় পরিবারটির ভরণপোষণ প্রায় অসম্ভব হয়ে পড়েছিল।
ভ্যানগাড়িটি হাতে পেয়ে আবেগপ্লুত হয়ে পড়েন ওমর ছানী। তিনি তার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, এতদিন সংসার চালাতে গিয়ে আমাকে অনেক কষ্ট করতে হয়েছে, সন্তানদের মুখে ঠিকমতো খাবার তুলে দিতে পারতাম না। এখন এই ভ্যানটি চালিয়ে আমি সম্মানজনকভাবে জীবিকা নির্বাহ করতে পারবো। আমার পরিবারের এই দুঃসময়ে পাশে দাঁড়ানোর জন্য আমি মাসনবী ভাইয়ের কাছে চিরকৃতজ্ঞ।
স্থানীয় এলাকাবাসী জানান, ওমর ছানীর অসহায়ত্বের কথা জানতে পেরে হাফেজ ইঞ্জিনিয়ার নাসিদুল হক মাসনবী তৎক্ষণাৎ তাকে একটি আয়ের পথ করে দেওয়ার উদ্যোগ নেন। তার এই সময়োপযোগী ও কার্যকর সহায়তার ফলে একটি পরিবার নতুন করে বাঁচার স্বপ্ন দেখছে।
সচেতন মহলের মতে, সমাজের বিত্তবানরা যদি এভাবে ব্যক্তিগত উদ্যোগে অসহায় মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেন, তবে সমাজ থেকে দারিদ্র্য বিমোচন সহজ হবে। তারা হাফেজ ইঞ্জিনিয়ার নাসিদুল হক মাসনবীর এই মহৎ কাজের ভূয়সী প্রশংসা করেন এবং অন্যদেরও এভাবে এগিয়ে আসার আহ্বান জানান।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল