বগুড়ার গাবতলী উপজেলার সুখানপুকুরে উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী সৈয়দ আহম্মদ কলেজে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর নবীনবরণ এবং অনার্স উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) কলেজ প্রাঙ্গণে অত্র কলেজের সভাপতি ও বগুড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান পলাশ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনের সংসদ সদস্য জনাব মোরশেদ মিলটন। অনুষ্ঠানের শুরুতে সভাপতি উপস্থিত প্রধান অতিথি সহ আমন্ত্রিত অতিথিদের পরিচয় করিয়ে দেন।
প্রধান অতিথির বক্তব্যে জনাব মোরশেদ মিলটন এমপি বলেন, আমি এই কলেজটি জাতীয়করণের জন্য ইতোপূর্বেও জাতীয় সংসদে আলোচনা করেছি এবং কলেজের উন্নয়নে এ বিষয়ে আবারো জোরালো ভূমিকা রাখব।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনা পরিচালনা করেন কলেজের অধ্যক্ষ সাইদুজ্জামান। শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্যে তিনি বলেন, "কলেজে পদার্পণের মধ্য দিয়ে তোমাদের সামনে শিক্ষার এক নতুন দিগন্ত উন্মোচিত হলো। কলেজ জীবন শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়; এটি বিস্তৃত জ্ঞান ও অভিজ্ঞতার ক্ষেত্র। আমরা এমন এক পরিপূর্ণ শিক্ষার পরিবেশ তৈরি করতে বদ্ধপরিকর, যা কেবল একাডেমিক সাফল্যই নয়, বরং একজন সুনাগরিক হিসেবে তোমাদের গড়ে তুলতে সাহায্য করবে। শিক্ষকমণ্ডলীর কাছ থেকে তোমরা জ্ঞানের আলোকবর্তিকা পাবে, যা তোমাদের জীবনকে সঠিক পথে পরিচালিত করবে। এ সময় তিনি প্রধান অতিথির কাছে কলেজটি দ্রুত জাতীয়করণের জোরালো দাবি জানান।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাবতলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন, গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিব হোসেন এবং সুখানপুকুর ইউনিয়ন বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়াও গভর্নিং বডির সদস্য ও দিগদাইড় ইউপি চেয়ারম্যান শহিদুল হক টুল্লু, ইঞ্জিনিয়ার হাফেজ নাসিরুল হক মাসনবী, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রধান ও সহকারী অধ্যাপক মঞ্জুরে আলম রাসেল, পরিসংখ্যান বিভাগের প্রধান ও সহকারী অধ্যাপক রেজাউল কবির সহ কলেজের সকল বিভাগের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল