বগুড়ার সোনাতলা উপজেলার দিগদাইড় ইউনিয়নে অবস্থিত ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান সৈয়দ আহম্মদ মডেল ফাজিল (ডিগ্রী) মাদরাসা থেকে ইবতেদায়ী (৫ম শ্রেণি) ও জেডিসি (৮ম শ্রেণি) পর্যায়ে মোট ৭ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে। এই গৌরবোজ্জ্বল সাফল্যে মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আনন্দের জোয়ার বইছে।
মাদরাসার প্রশাসনিক সূত্রে জানা গেছে, ৫ম শ্রেণি থেকে ৫ জন এবং ৮ম শ্রেণি থেকে ২ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে।
৫ম শ্রেণি (ইবতেদায়ী) আব্দুল্লাহ আল সাবিত (ট্যালেন্টপুল), মোছা: রুকাইয়া রহমান (ট্যালেন্টপুল), মো: তাওহিদ ইসলাম (সাধারণ), মোছা: নাজিহা খাতুন (সাধারণ), মোছা: ফাতেমা আকতার (সাধারণ)।
৮ম শ্রেণি (জেডিসি) মো: রাকিব হোসেন (সাধারণ), মো: আমির হামজা সোয়াদ (সাধারণ)।
এই সাফল্য প্রসঙ্গে অত্র মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল মমিন বলেন, শিক্ষার্থীদের এই কৃতিত্বপূর্ণ ফলাফল আমাদের নিরলস পরিশ্রমের ফসল। আমরা ফলাফলের পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে নিরন্তর কাজ করে যাচ্ছি। ইনশাআল্লাহ, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা নিয়ে এই প্রতিষ্ঠানের উন্নয়ন ও শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গঠনে আমাদের সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত থাকবে। আমরা একটি আদর্শ ও আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে বদ্ধপরিকর।"
একই অনুভূতি প্রকাশ করে মাদরাসা পরিচালনা পর্ষদের সভাপতি ডাঃ মোঃ রাশেদ আহমেদ জুয়েল ও বিদ্যোৎসাহী প্রতিনিধি তানজারুল হক তুহিন এক যৌথ বিবৃতিতে বলেন,সৈয়দ আহম্মদ মডেল ফাজিল মাদরাসা অত্র এলাকার শিক্ষা বিস্তারে অগ্রণী ভূমিকা পালন করছে। এই ফলাফল আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। একটি সুন্দর আগামী ও সুশিক্ষিত সমাজ গঠনে আমরা সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি। আগামীতেও এই সাফল্যের ধারা অব্যাহত রাখতে আমরা সর্বোচ্চ পদক্ষেপ গ্রহণ করব।
মাদরাসার এই ধারাবাহিক সাফল্যে এলাকার সর্বস্তরের জনগণ ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন। স্থানীয় সচেতন মহলের মতে, সঠিক তদারকি এবং শিক্ষকদের আন্তরিকতার কারণেই এমন ফলাফল সম্ভব হয়েছে। অভিভাবকরা আশা প্রকাশ করেছেন যে, আগামীতে প্রতিষ্ঠানটি জেলা পর্যায়ে আরও বড় কোনো অর্জন বয়ে আনবে।
মাদরাসার এই সাফল্যে সকল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ ও কর্মচারীবৃন্দ শিক্ষার্থীদের এই অর্জনে আনন্দ প্রকাশ করেছেন।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল