সুলতান আহম্মেদ, সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার সাঘাটা উপজেলার মুক্তিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসান হাবীব লায়ন, দুই ইউপি সদস্য এবং তিনজন নারী বাউল শিল্পীকে সুনির্দিষ্ট কোনো অভিযোগ না পাওয়ায় থানা হেফাজত থেকে ছেড়ে দিয়েছে সাঘাটা থানা পুলিশ।
শুক্রবার (২৬ জুন) দুপুরে তাদের পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হলে থানা প্রাঙ্গণে উপস্থিত চেয়ারম্যানের সমর্থক ও স্থানীয়দের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৫ জুন) দিবাগত রাতে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ একটি অভিযোগ পাওয়ার পর সাঘাটা উপজেলার একটি বাগানবাড়িতে অভিযান চালায় পুলিশ। সেখানে একটি বাউল সংগীতের আসর চলছিল। ঘটনাস্থলে উপস্থিত স্থানীয়দের মধ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ইউপি চেয়ারম্যান, দুই ইউপি সদস্য এবং তিন নারী বাউল শিল্পীকে থানা হেফাজতে নেওয়া হয়।
সাঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম বলেন, "৯৯৯-এ অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে স্থানীয়দের মধ্যে উত্তেজনা তৈরি হওয়ায় অপ্রীতিকর ঘটনা এড়াতে সংশ্লিষ্ট ছয়জনকে থানা হেফাজতে আনা হয়। তবে তাদের কাউকেই গ্রেপ্তার করা হয়নি। পরবর্তীতে অভিযোগের সত্যতা বা সুনির্দিষ্ট কোনো অপরাধের প্রমাণ না পাওয়ায় শুক্রবার দুপুরে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।"
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চেয়ারম্যানের সঙ্গে থাকা তিনজন নারী ছিলেন বাউল শিল্পী। তাদের কাউকেই কোনো আপত্তিকর অবস্থায় পাওয়া যায়নি এবং তাদের বিরুদ্ধে কোনো অভিযোগও মেলেনি।
এদিকে, শুক্রবার সকাল থেকেই চেয়ারম্যানের মুক্তির দাবিতে তার সমর্থক ও স্থানীয়রা সাঘাটা থানা প্রাঙ্গণে জড়ো হন। পরে দুপুরে চেয়ারম্যানসহ অন্যদের ছেড়ে দিলে উপস্থিত জনতার মধ্যে আনন্দ-উচ্ছ্বাসের সৃষ্টি হয়।
শেষ পর্যন্ত পুলিশ জানায়, অভিযোগের সত্যতা না পাওয়ায় এবং আইনগতভাবে আটকে রাখার মতো কোনো ভিত্তি না থাকায় তাদের সবাইকে মুক্তি দেওয়া হয়েছে।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল