প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৬, ২০২৬, ১২:১৯ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ৩:১৭ পি.এম
সান্তাহার ইউপির প্যানেল চেয়ারম্যানের দুই পুকুরে বিষ দিয়ে মাছ নিধন

আদমদিঘী (বগুড়া) প্রতিনিধি: বগুড়া সান্তাহার ইউপির প্যানেল চেয়ারম্যান নাজিম উদ্দীনের দুইটি পুকুরে বিষ দিয়ে প্রায় ২০ লাখ টাকার মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা। গতকাল রবিবার দিবাগত রাতে তাঁর নিজ গ্রাম ইউনিয়নের কায়েতপাড়ায় ঘটানটি ঘটে। আজ সোমবার সকালে পুকুরগুলো দেখাশোনায় দায়িত্বরত লুৎফুর রহমান মাছ মরে ভেসে উঠতে দেখে তাঁকে খবর দেন। সান্তাহার ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান নাজিম উদ্দীন জানান, বেশ কিছুদিন ধরে তিনি চারটি পুকুর ভাড়া নিয়ে মাছ চাষ করে আসছিলেন। এসব পুকুরে পাঙ্গাস, রুই, কাতল, দেশী টেঙরা সহ দেশীয় নানা প্রজাতির মাছ চাষ করেছেন। এতে তাঁর প্রায় অর্ধকোটি টাকার মতো খরচ হয়েছে। ইতোমধ্যে মাছগুলো বাজারে বিক্রির উপযোগী হয়ে উঠেছে। রাতে কে বা কারা তাঁর ৪টি পুকুরের মধ্যে ২টি পুকুরে বিষ দিয়েছে। সকাল বেলা পুকুরে মাছ ভাসতে দেখে পুকুরগুলো দেখাশোনার দায়িত্বে থাকা লুৎফুর রহমান তাকে খবর দেন। তিনি পুকুরে ছুঁটে এসে দেখেন মাছ মরে ভেসে উঠেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি আরও জানান, প্রথমে গ্যাসের অভাবে মাছ মরে ভেসে উঠছে ভাবলেও পরে তিনি বুঝতে পারেন বিষ প্রয়োগ করে মাছগুলো মেরে ফেলা হয়েছে। আগামী ইউপি নির্বাচনে তিনি চেয়ারম্যান প্রার্থী হবেন- তাঁর ধারনা একারনেই হয়তো রাজনৈতিক প্রতিপক্ষরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করার জন্য ঘটনাটি ঘটাতে পারে। সন্ধ্যায় তিনি থানায় একটি লিখিত অভিযোগ করবেন বলে জানিয়েছেন। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মোস্তাফিজুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল