স্টাফ রিপোর্টারঃ বগুড়ার শেরপুরে অস্বাস্থ্যকর পরিবেশে দই উৎপাদন ও বিক্রি, লেবেল না থাকা এবং প্রয়োজনীয় লাইসেন্স না নেওয়ার অভিযোগে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৮৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ৩টা পর্যন্ত শেরপুর উপজেলার বিভিন্ন এলাকায় উপজেলা প্রশাসন ও বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, বগুড়ার সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে দই বিক্রি, লেবেলবিহীনভাবে দই বাজারজাত এবং বিএসটিআইয়ের লাইসেন্স গ্রহণ না করার অপরাধে সংশ্লিষ্ট আইনে পাঁচটি মামলা করা হয়।
এর মধ্যে ধুনট মোড়ের হোটেল আখিমনিকে ৫০ হাজার টাকা, একই এলাকার মা-মনি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা, বাসস্ট্যান্ডের শম্পা দধি ভান্ডারকে ১০ হাজার টাকা, চৈতি দধি ভান্ডারকে ২৫ হাজার টাকা এবং সাউদিয়া ডেইরি অ্যান্ড ফুড প্রডাক্টসকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে আগামী সাত দিনের মধ্যে ত্রুটি-বিচ্যুতি সংশোধন এবং প্রয়োজনীয় লাইসেন্স গ্রহণের প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেন।
অভিযানটি পরিচালনা করেন শেরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মামুন। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, বগুড়ার ফিল্ড অফিসার (সিএম) মো. শাহানূর হোসেন খান। অভিযানে সার্বিক সহযোগিতা করেন বিএসটিআইয়ের সহকারী পরিচালক (সিএম) মো. দেলোয়ার হোসেন।
বিএসটিআই কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে ভেজাল, অনিয়ম ও মানহীন পণ্যবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল