
স্টাফ রিপোর্টার: বগুড়ার সোনাতলা উপজেলার শিহিপুরে অরাজনৈতিক, অলাভজনক ও জনসেবামূলক সংগঠন ‘জনকল্যাণ সেবাকেন্দ্র’-এর আত্মপ্রকাশ অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে ৩ অক্টোবর রাত আটটায় অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সুখানপুকুর উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি এবং নবগঠিত সেবাকেন্দ্রের আহ্বায়ক তানজারুল ইসলাম তুহিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিগদাইড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল হক টুল্লু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ভ্যান, রিকশা ও অটোচালক দল বগুড়া জেলা শাখার জহির রায়হান জাহির, সুখানপুকুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি জুয়েল আহম্মেদ, সুখানপুকুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শিপন আলী, দিগদাইড় ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সদরুল ইসলাম সবুজ এবং ব্যাংক কর্মকর্তা রেজাউল করিম।
সভাপতির বক্তব্যে তানজারুল ইসলাম তুহিন বলেন, “আজ আমাদের জন্য একটি অত্যন্ত আনন্দের ও বিশেষ দিন। সমাজে নিঃস্বার্থ মানবসেবা ও সামাজিক দায়বদ্ধতার তাগিদ থেকেই আমরা একঝাঁক সমমনা ও দূরদর্শী মানুষকে নিয়ে ‘জনকল্যাণ সেবাকেন্দ্র’-এর যাত্রা শুরু করতে যাচ্ছি। আমাদের একমাত্র মূলমন্ত্র—‘মানুষের পাশে, সমাজের জন্য।’ একটি সুন্দর, বৈষম্যহীন ও স্বাবলম্বী সমাজ গঠনের লক্ষ্যে আমরা আমাদের প্রতিষ্ঠানের রূপরেখা ও গঠনতন্ত্র চূড়ান্ত করেছি।”
তিনি আরও যুক্ত করেন, “আমাদের সংগঠনটি সম্পূর্ণ অরাজনৈতিক, অলাভজনক ও ধর্মনিরপেক্ষ। দারিদ্র্য বিমোচন, অসহায় ও এতিমদের চিকিৎসাসহ মৌলিক সহায়তা প্রদান, যুবসমাজকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তিতে রূপান্তর এবং যেকোনো মানবিক ও প্রাকৃতিক দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল উদ্দেশ্য। কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রেখে দ্রুতই সমাজসেবা অধিদপ্তর বা সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের অধীনে এর নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করা হবে।”
প্রধান অতিথির বক্তব্যে দিগদাইড় ইউপি চেয়ারম্যান শহিদুল হক টুল্লু বলেন, “একাকী কোনো বড় পরিবর্তন আনা সম্ভব নয়। সমাজের বিত্তবান, দানশীল ও প্রবীণ ব্যক্তিবর্গের দিকনির্দেশনা এবং তরুণ স্বেচ্ছাসেবকদের মেধা ও শ্রমের সমন্বয়ে এই সেবাকেন্দ্রটি একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে পরিণত হবে।”
অন্যান্য বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, সবাই নিজ নিজ অবস্থান থেকে সহায়তার হাত বাড়িয়ে দিলে এবং সকলের সার্বিক দো'আ, পরামর্শ ও সহযোগিতা পেলে ‘জনকল্যাণ সেবাকেন্দ্র’ ইনশাআল্লাহ অদূর ভবিষ্যতে মানুষের আস্থা ও ভালোবাসার প্রতীক হয়ে উঠবে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রধান অতিথি শহিদুল হক টুল্লু ‘জনকল্যাণ সেবাকেন্দ্র’-এর ৭ সদস্যবিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি ঘোষণা করেন। কমিটিতে তানজারুল ইসলাম তুহিন-কে আহ্বায়ক, মিজানুর রহমান রনি-কে সদস্য সচিব এবং সদস্য হিাসাবে ফুলমিয়া, আমিনুর রহমান, সাহাবুল ইসলাম সাবু, নয়ন ইসলাম, রাজু আহম্মেদ মনোনীত করা হয়।
অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে সভাপতি তানজারুল ইসলাম তুহিন উপস্থিত সকলকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং উপস্থিত সকলের উদ্দেশ্যে ঐতিহ্যবাহী 'আলুঘাঁটি ও ভাত' আপ্যায়নের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি টানেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মুক্তার হোসেন।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল