।প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পদের জন্য কেবল উচ্চতর ডিগ্রি (মাস্টার্স বা পিএইচডি) থাকলেই হবে না, বরং স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও অভিজ্ঞ মুরুব্বিদেরও সুযোগ থাকা প্রয়োজন।
বুধবার (১১ মার্চ) সকালে রাজধানীর মোহাম্মদপুর ফায়ার স্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
শিক্ষার মান ও শিক্ষাগত যোগ্যতা
ম্যানেজিং কমিটির সভাপতির শিক্ষাগত যোগ্যতা নিয়ে চলমান আলোচনার প্রেক্ষিতে প্রতিমন্ত্রী জানান যে, সরকার একটি ভারসাম্যপূর্ণ মানদণ্ড নির্ধারণের চেষ্টা করছে। তিনি বলেন, সভাপতির পদের জন্য ন্যূনতম স্নাতক (ব্যাচেলর ডিগ্রি) পর্যায়ের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে, দেশের ১ লাখ ৬৫ হাজারের বেশি প্রাথমিক বিদ্যালয়ের অনেকগুলোই দুর্গম এলাকায় অবস্থিত। সেসব জায়গায় সবসময় মাস্টার্স বা পিএইচডিধারী পাওয়া সম্ভব নয়।
এলাকার ভালো মানুষ এবং মুরুব্বিরা যাতে বিদ্যালয়ের নেতৃত্ব দিতে পারেন, সেদিকে নজর দেওয়া হচ্ছে।
ববি হাজ্জাজ বলেন, আমরা একটি স্ট্যান্ডার্ড মেইনটেইন করতে চেয়েছি, তাই বিশ্ববিদ্যালয় ডিগ্রির (স্নাতক) সীমা নির্ধারণ করা হয়েছে। এর চেয়ে বেশি যোগ্যতার শর্ত দেওয়া বর্তমানে খুব একটা সার্থকতা দেখি না।
ফায়ার স্টেশন আধুনিকায়নের উদ্যোগ
এদিন মোহাম্মদপুর ফায়ার স্টেশন পরিদর্শনকালে প্রতিমন্ত্রী ফায়ার সার্ভিসকে আরও শক্তিশালী করার ঘোষণা দেন। নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে তিনি বেশ কিছু পদক্ষেপের কথা জানান, ঝুঁকিপূর্ণ ও জনবহুল এলাকায় মিনি ফায়ার স্টেশন বসানোর উদ্যোগ নেওয়া হবে। জরুরি পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় পর্যায়ে ভলান্টিয়ার বা স্বেচ্ছাসেবক সংখ্যা বাড়ানো হবে।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন, ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, ঢাকা বিভাগের উপ-পরিচালক মো. ছালেহ উদ্দিনসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
সম্পাদনা: এসএস/টিএ
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল