স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জের শাহজাদপুরে বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে দুই প্রতিষ্ঠানকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১১ই নভেম্বর) বিএসটিআই,পাবনা আঞ্চলিক কার্যালয় ও শাহজাদপুর উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়
অভিযান সূত্রে জানা গেছে,শাহজাদপুরের মনিরামপুর এলাকার ওম মোদক লাইভ বেকারিতে মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ এবং বিক্রয়মূল্য উল্লেখ না করে বিস্কুট,ব্রেড ও ডেকোরেটেড কেক বিক্রি করা হচ্ছিল। এ অপরাধে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন,২০১৮-এর ২৪(১) ও ৪১ ধারায় প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে দ্বারিয়াপুর এলাকার প্রীতম সুইটসে ঘি ও মিষ্টিজাতীয় পণ্য বিক্রির ক্ষেত্রে প্রয়োজনীয় বিএসটিআইয়ের সিএম সনদ না থাকার বিষয়টি ধরা পড়ে। এ ছাড়া অভিযানের সময় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে বিএসটিআই আইন, ২০১৮-এর ৩০ ধারায় প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।ভ্রাম্যমাণ আদালত সূত্রে আরও জানা যায়,অভিযানে মোট দুটি মামলা দায়ের করে সর্বমোট ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।অভিযান পরিচালনা করেন সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফরিদুল ইসলাম। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই আঞ্চলিক কার্যালয়,পাবনার পরীক্ষক (মেট্রোলজি) তাহসিন মাহমুদ এবং ফিল্ড অফিসার (সিএম) মোঃ রায়হানুল হক।
বিএসটিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে ভেজাল ও মানহীন পণ্য বিক্রি এবং পণ্যের মান নিয়ন্ত্রণে আইন অমান্যকারীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসন ও বিএসটিআইয়ের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, পাবনার উপপরিচালক (সিএম) ও অফিসপ্রধান মোঃ জাহেদুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল