স্টাফ রিপোর্টারঃ বগুড়ার মোকামতলায় ৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে উপজেলার মোকামতলা ফুটওভারব্রিজের দক্ষিণ পাশে ভান্ডারী টিকিট কাউন্টারের সামনে অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অপর একজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন—সোনাতলা উপজেলার শাহবাজপুর হিন্দুপাড়ার গৌতম চন্দ্র মহন্তের ছেলে অপূর্ব কুমার মিলন (২২), মন্ডমালা এলাকার মশিউর রহমানের ছেলে শামিরুল ইসলাম সিজান (২১) এবং চমরগাছা এলাকার মঞ্জুর মিয়ার ছেলে লাবিব হোসেন জিহাদ (২১)।
ডিবি পুলিশ জানায়, মঙ্গলবার রাতে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনার সময় গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়া যায়, মোকামতলা ফুটওভারব্রিজের দক্ষিণ পাশে ভান্ডারী টিকিট কাউন্টারের সামনে কয়েকজন ব্যক্তি ইয়াবা বিক্রির জন্য অবস্থান করছেন। খবর পেয়ে রাত ৯টা ৩৫ মিনিটে ডিবি পুলিশের একটি দল সেখানে রওনা হয়।
রাত ৯টা ৫৫ মিনিটের দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করেন। এ সময় পুলিশ তাদের আটক করে। পরে উপস্থিত সাক্ষীদের সামনে আইনানুগভাবে তল্লাশি চালিয়ে অপূর্ব কুমার মিলনের প্যান্টের সামনের ডান পকেট থেকে সাদা পলিথিনে মোড়ানো তিনটি নীল রঙের এয়ারটাইট প্যাকেট উদ্ধার করা হয়। প্রতিটি প্যাকেটে ২০০ পিস করে মোট ৬০০ পিস লালচে রঙের ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
উদ্ধার ইয়াবার মোট ওজন ৬০ গ্রাম বলে জানিয়েছে পুলিশ।
অপর গ্রেপ্তার শামিরুল ইসলাম সিজানের দেহ তল্লাশি করে কোনো মাদকদ্রব্য পাওয়া যায়নি। পরে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ লাবিব হোসেন জিহাদকে গ্রেপ্তার করে।
এ ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল