স্টাফ রিপোর্টারঃ বগুড়ার উপজেলার কামারপাড়া গ্রামের মোঃ শাফিউল ইসলাম কর্তৃক আয়োজিত সাংবাদিক সম্মেলনে নিজের ও দুই ভাগিনার বিরুদ্ধে চাঁদা দাবি,মারধর,দোকান ভাঙচুর,নগদ টাকা নিয়ে যাওয়া,বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগকে মিথ্যা, ভিত্তিহীন,বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত দাবি করে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন মোঃ সাইফুল ইসলাম।রোববার (৪ঠা অক্টোবর) এক প্রতিবাদ লিপিতে সাইফুল ইসলাম বলেন,শাফিউল ইসলামের সঙ্গে তাঁদের দীর্ঘদিন ধরে জমি-জমা সংক্রান্ত বিরোধ চলে আসছে। এ বিরোধকে কেন্দ্র করে এর আগে থানায় একাধিক অভিযোগ করা হয়েছে এবং স্থানীয়ভাবে ও থানায় কয়েক দফা সালিশ-বৈঠকও অনুষ্ঠিত হয়েছে। তাঁর দাবি,মূল বিরোধটি জমি-জমা সংক্রান্ত হলেও বর্তমানে বিষয়টিকে ভিন্ন খাতে প্রবাহিত করতে তাঁদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলা হয়েছে।প্রতিবাদ লিপিতে সাইফুল ইসলাম উল্লেখ করেন,সাংবাদিক সম্মেলনে তাঁর ও তাঁর দুই ভাগিনা সালমান শাহ্ ও রাসেলের বিরুদ্ধে এক লাখ টাকা চাঁদা দাবি,দেশীয় অস্ত্র নিয়ে দোকানে হামলা,মারধর এবং দোকানের ক্যাশবাক্স থেকে দুই লাখ টাকা নিয়ে যাওয়ার যে অভিযোগ করা হয়েছে,তা সম্পূর্ণ মিথ্যা। তিনি দাবি করেন, তাঁরা কখনো শাফিউল ইসলামের কাছে চাঁদা দাবি করেননি,তাঁকে মারধর বা তাঁর দোকান ভাঙচুর করেননি এবং কোনো টাকা-পয়সাও নিয়ে যাননি।একই ভাবে শাফিউল ইসলামের বসতবাড়িতে হামলা, ভাঙচুর,লুটপাট কিংবা তাঁর পরিবারের সদস্যদের মারধর বা ভয়ভীতি প্রদর্শনের অভিযোগও অস্বীকার করেন সাইফুল ইসলাম।তিনি আরও বলেন,সাংবাদিক সম্মেলনে তাঁদের আওয়ামী লীগের লোক হিসেবে চিহ্নিত করার চেষ্টা করা হয়েছে,যা সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। রাজনৈতিক পরিচয়ের সঙ্গে জমি-জমা সংক্রান্ত বিরোধকে যুক্ত করে তাঁদের সামাজিক ভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
সাইফুল ইসলামের দাবি, প্রতিপক্ষের লোকজন তাঁদের বিভিন্নভাবে হুমকি-ধমকি দিয়ে আসছেন। এ অবস্থায় তিনি ও তাঁর পরিবারের সদস্যদের জানমালের নিরাপত্তার জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
প্রতিবাদলিপিতে তিনি আরো বলেন,তাঁরা কোনো ধরনের সংঘাত বা বিশৃঙ্খলা চান না। জমি-জমা সংক্রান্ত বিরোধ সহ যেকোনো বিষয় আইনানুগ ও শান্তিপূর্ণ ভাবে সমাধান হোক এটাই তাঁদের প্রত্যাশা। প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি তাঁদের পূর্ণ আস্থা রয়েছে।এ বিষয়ে প্রশাসন,পুলিশ কর্তৃপক্ষ ও গণমাধ্যমের প্রতি নিরপেক্ষভাবে বিষয়টি তদন্ত ও যাচাই করার আহ্বান জানিয়েন সাইফুল ইসলাম।প্রতিবাদলিপির মাধ্যমে তিনি নিজের ও তাঁর দুই ভাগিনার বিরুদ্ধে সাংবাদিক সম্মেলনে উত্থাপিত সব অভিযোগকে মিথ্যা, ভিত্তিহীন ও মানহানিকর দাবি করে এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল