সুলতান আহম্মেদ, স্টাফ রিপোর্টার (সাঘাটা) গাইবান্ধা: "মাদককে না বলুন, সুস্থ সমাজ গড়ুন"—এই প্রত্যয়ে গাইবান্ধার সাঘাটা উপজেলায় অনুষ্ঠিত হয়েছে মাদকবিরোধী বর্ণাঢ্য র্যালি ও সচেতনতামূলক সমাবেশ। সমাজ থেকে মাদকের বিস্তার রোধ এবং আগামীর প্রজন্মকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষায় জনসচেতনতা তৈরির লক্ষ্যেই এ কর্মসূচির আয়োজন করা হয়।
বুধবার (২৯ জুলাই) বিকেলে সাঘাটা বাজারের প্রধান সড়ক থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিতে শিক্ষক, শিক্ষার্থী, প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সাঘাটা পল্টন মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় এক সচেতনতামূলক সমাবেশ।
সমাবেশে সভাপতিত্ব করেন সাঘাটা টিচার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আজহারুল ইসলাম। বক্তব্য রাখেন সাঘাটা টিচার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও সাঘাটা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম, সাঘাটা থানার ওসি (তদন্ত) পবিত্র কুমার, বদিউজ্জামান বাবলু, নাজির হোসেন, সুজিত কুমার সাহা, আব্দুর রাজ্জাক, আবু সাঈদ, মুরাদ, রানা সাব্বি রহমান ও অপুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, মাদক একটি নীরব ঘাতক। এটি শুধু একজন মানুষকে নয়, একটি পরিবার, সমাজ এবং রাষ্ট্রের ভবিষ্যৎকেও অন্ধকারের দিকে ঠেলে দেয়। তাই তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করে তুলতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, ধর্মীয় প্রতিষ্ঠান এবং প্রশাসনের সমন্বিত উদ্যোগের কোনো বিকল্প নেই।
তারা আরও বলেন, একটি মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক প্রতিরোধ, নৈতিক শিক্ষা এবং সচেতনতা বৃদ্ধির কার্যক্রম জোরদার করতে হবে। মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণের পাশাপাশি সমাজের প্রতিটি মানুষকে মাদকবিরোধী আন্দোলনে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান বক্তারা।
সমাবেশে উপস্থিত অংশগ্রহণকারীরা মাদকমুক্ত, নিরাপদ ও মানবিক সমাজ গঠনে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের ধারাবাহিক সচেতনতামূলক কর্মসূচি তরুণ সমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে এবং একটি সুস্থ, সুন্দর ও সম্ভাবনাময় বাংলাদেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল