আদমদীঘি(বগুড়া)প্রতিনিধিঃ বগুড়া-৩(আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের এমপি আব্দুল মহিত তালুকদার দুই উপজেলার ৮টি শিক্ষা প্রতিষ্ঠান মেরামত ও সংস্কার কাজের জন্য দুই দফায় ১২ কোটি টাকা বরাদ্দ পেয়েছেন।
প্রথম দফায় ৬টি শিক্ষা প্রতিষ্ঠানে ৯ কোটি টাকার বরাদ্দ নেয়ার পর এবার ২য় দফায় আরো ৩ কোটি টাকা বরাদ্দ পেয়েছেন।
জানাযায়,২০২৫-২০২৬ অর্থবছরের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের পরিচালনা বাজেটে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের আওতায় আদমদীঘি উপজেলার ৬টি শিক্ষা প্রতিষ্ঠান মেরামত ও সংস্কার কাজের জন্য প্রতিটি বিদ্যালয়ের জন্য দেড় কোটি মোট ৯ কোটি টাকা বরাদ্দের অনুমোদন পেয়েছে। প্রথম দফায় বরাদ্দপ্রাপ্ত ৬টি শিক্ষা প্রতিষ্টান হলো,আদমদীঘি উপজেলা সদরের রহিম উদ্দীন ডিগ্রী কলেজ,আদমদীঘি আধুনিক কারিগরী মুদ্রাক্ষর ও বহুভাষী সাঁটিলিপি প্রশিক্ষন কেন্দ্র,সান্তাহার পৌর এইচ,এ বালিকা বিদ্যালয়, নশরৎপুর ইউপির বিনাহালী উচ্চ বিদ্যালয়,সান্তাহার ইউপির উৎরাইল উচ্চ বিদ্যালয় এবং ছাতিয়ানগ্রাম ইউপির অন্তাহার ইসলামিয়া দাখিল মাদ্রাসা। ২য় দফায় বরাদ্দপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্টান হলো,আদমদীঘি উপজেলার কৈকুড়ি রহিম মজিদ উচ্চবিদ্যালয় ও দুপচাঁচিয়া উপজেলার মর্তুজাপুর উচ্চবিদ্যালয়ের একাডেমিক ভবন। প্রতিটি শিক্ষা প্রতিষ্টানে দেড় কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। এসব শিক্ষা প্রতিষ্ঠানে মেরামত, সংস্কার ও একাডেমিক ভবন নির্মান কাজ দরপত্র আহবানের মাধ্যমে অল্প সময়ে কাজ শুরু করা হবে।
অনুমোদন পত্র সুত্রে জানাযায়, প্রথম দফায় আদমদীঘি উপজেলার ৬টি শিক্ষা প্রতিষ্ঠার মেরামত ও সংস্কার কাজের জন্য ৯ কোটি টাকা এবং ২য় দফায় ২টি শিক্ষা প্রতিষ্ঠানে একাডেমিক ভবন নির্মানের জন্য আরো ৩ কোটি টাকা সহ মোট ১২ কোটি টাকা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বরাদ্দ মিলেছে।
বগুড়া-৩ আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার জানান, শিক্ষা জাতির মেরুদন্ড। সু-শিক্ষায় শিক্ষিত হতে হলে পড়াশুনার পাশাপাশি শিক্ষা প্রতিষ্টান গুলোর উন্নয়ন প্রয়োজন। তাই প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা ব্যবস্থার প্রতি দৃষ্টি রেখে উন্নয়নমুলক কার্যক্রমের অংশ হিসাবে শিক্ষা প্রতিষ্ঠান মেরামত, সংস্কার ও ভবন নির্মান কাজের প্রতি গুরুত্ব দিয়েছেন।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল