বগুড়া শহরে কুকুরকে নৃশংসভাবে কুপিয়ে জখম; অভিযুক্ত গ্রেফতার, অস্ত্রসহ আরও এক মামল
স্টাফ রিপোর্টার
বগুড়া শহরের কানজগাড়ি এলাকায় একটি নিরীহ কুকুরকে নৃশংসভাবে কুপিয়ে গুরুতর জখম করার ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি বার্মিজ চাকু উদ্ধার করা হলে অস্ত্র আইনেও পৃথক একটি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৯ জুন ২০২৬ খ্রিস্টাব্দ রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে বগুড়া শহরের কানজগাড়ি এলাকায় স্বপন মিয়া (৪৮), পিতা- মৃত ইসমাইল হোসেন, সাং- রহমান নগর, থানা ও জেলা বগুড়া, একটি কুকুরকে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে কুপিয়ে গুরুতর জখম করেন। নিরীহ প্রাণীর ওপর এমন অমানবিক নির্যাতনের ঘটনা এলাকায় ব্যাপক আলোড়নের সৃষ্টি করে।
ঘটনার সংবাদ পেয়ে বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, বগুড়া আহত কুকুরটিকে কানজগাড়ি এলাকায় ইনডিপেনডেন্ট হাসপাতাল বগুড়ার পশ্চিম পাশ থেকে উদ্ধার করে। পরে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার সমন্বয়ে গঠিত একটি টিম আহত প্রাণীটির চিকিৎসার ব্যবস্থা করে।
এ ঘটনায় বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, বগুড়ার আহ্বায়ক সদস্য মো. ইমরান হোসেন বগুড়া সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি স্বপন মিয়াকে গ্রেফতার করে।
গ্রেফতারের সময় আসামির কাছ থেকে একটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়। এ ঘটনায় জব্দ তালিকার মাধ্যমে চাকুটি জব্দ করে পুলিশ এবং অস্ত্র আইনে বগুড়া সদর থানায় আরও একটি পৃথক মামলা রুজু করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং ঘটনার বিষয়ে অন্যান্য আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল