স্টাফ রিপোর্টারঃ বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টা মামলায় জেলা যুব মহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আইভি আকতার নূপুরকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ১০টার দিকে বগুড়া সিটি করপোরেশনের কর্মস্থল থেকে সদর থানা পুলিশ তাকে গ্রেফতার করে। পরে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়।
আইভি আকতার নূপুর বগুড়া মহানগরীর শিববাটি শাহী মসজিদ লেন এলাকার মৃত নজমল হোসেন তোতার মেয়ে। তিনি জেলা যুব মহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। বর্তমানে তিনি বগুড়া সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগে কর্মরত রয়েছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার উপপরিদর্শক (এসআই) আবদুল্লাহ আল সাদিক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মামলার এজাহারে নূপুরের নাম উল্লেখ ছিল না। তবে তদন্তে তার সম্পৃক্ততার তথ্য পাওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, বগুড়া মহানগরীর পশ্চিম বৃন্দাবনপাড়ার নূর হোসেন মণ্ডলের ছেলে মো. আলিফ (২৫) গত বছরের ২৪ ডিসেম্বর বগুড়া সদর থানায় হত্যাচেষ্টা মামলাটি করেন। মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে প্রধান আসামি করে ২০২ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ১০০ জনসহ মোট ৩০২ জনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহারে বাদী মো. আলিফ উল্লেখ করেন, তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় সদস্য। ২০২৪ সালের ৪ আগস্ট বিকেল ৩টার দিকে ছাত্র-জনতার মিছিল নিয়ে বগুড়া মহানগরীর চাঁদনী বাজার এলাকায় পৌঁছালে হামলার ঘটনা ঘটে বলে এজাহারে অভিযোগ করা হয়।
এজাহারে আরও অভিযোগ করা হয়, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নির্দেশ ও মদদে আসামিরা ককটেল, হাতবোমাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে মিছিলে হামলা চালান। একপর্যায়ে মিছিল লক্ষ্য করে ককটেল ও বোমা নিক্ষেপ এবং গুলিবর্ষণ করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় বাদী মো. আলিফ কপাল, বুক ও উরুতে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন বলে এজাহারে দাবি করা হয়েছে। এছাড়া আন্দোলনকারী ছাত্র-জনতাকে মারধর করে আহত করার অভিযোগও করা হয়।
পরে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর সুস্থ হয়ে মো. আলিফ মামলাটি দায়ের করেন।
পুলিশ জানিয়েছে, মামলাটির তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল