স্টাফ রিপোর্টারঃ
বগুড়ায় আমদানিকারকের নাম-ঠিকানা ও বিএসটিআইয়ের বৈধ ছাড়পত্র ছাড়া স্কিন ক্রীমসহ বিভিন্ন প্রসাধনী বিক্রয় ও বিতরণের দায়ে দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৯ আগস্ট) বিকেল ৫টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত বগুড়া জেলা প্রশাসন ও বিএসটিআই আঞ্চলিক কার্যালয়ের যৌথ উদ্যোগে শহরের আলতা বাড়ী মার্কেট ও রানার প্লাজা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে বিএসটিআই আইন-২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় আলতা বাড়ী মার্কেটের মৌসুমি স্টোরকে ১০ হাজার টাকা এবং রানার প্লাজার কৈরি স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে পৃথক দুটি মামলা করা হয়।
বিএসটিআই সূত্র জানায়, অভিযানে আমদানিকারকের নাম-ঠিকানা এবং বিএসটিআইয়ের বৈধ ছাড়পত্র ছাড়া স্কিন ক্রীম, শ্যাম্পু, ফেসওয়াশ, নেইল পলিশ, লিপস্টিক, লোশন, সাবানসহ বিভিন্ন প্রসাধনী বিক্রির বিষয়টি ধরা পড়ে।
অভিযানকালে বিসিএল সুপার শপ, এঞ্জেলস স্টুডিওসহ সংশ্লিষ্ট মার্কেটের অন্যান্য দোকান মালিকদেরও এসব পণ্য বিক্রয় ও বিতরণ না করার বিষয়ে সতর্ক করা হয়।
ভ্রাম্যমাণ আদালতটি বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল হোসেনের নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, বগুড়ার পরিদর্শক (মেট) মো. শাহ্ আলম পলাশ খাঁন এবং ফিল্ড অফিসার (সিএম) মো. সাখাওয়াত হোসেন। অভিযানে সার্বিক সহযোগিতা করেন বিএসটিআইয়ের সহকারী পরিচালক (সিএম) মো. দেলোয়ার হোসেন।
বিএসটিআই কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে ভেজাল, অননুমোদিত ও মানহীন পণ্যের বিরুদ্ধে জেলা প্রশাসন ও বিএসটিআই বগুড়ার এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল