স্টাফ রিপোর্টারঃ বগুড়ায় ইলেকট্রিক পণ্যের দোকান ও গোডাউনে অভিযান চালিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। সোমবার (৫ই অক্টোবর) জেলা সদরের সাতমাথা এলাকার মেরিনা মার্কেট, নাজ কমপ্লেক্স ও আনোয়ারা মার্কেটসহ বিভিন্ন মার্কেটে এ সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করা হয়।
বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, বগুড়ার উদ্যোগে পরিচালিত এ অভিযানে বিভিন্ন ইলেকট্রিক দোকান ও গোডাউন পরিদর্শন করা হয়। এ সময় বিএসটিআই অনুমোদিত ও লাইসেন্সপ্রাপ্ত এলইডি বাল্ব,পাওয়ার কেবল, ফ্লেক্সিবল ও ইনসুলেটেড কেবল,সুইচ-সকেট, রেগুলেটর,সিলিং ফ্যান ও টিউব লাইট সহ বিভিন্ন পণ্য বিক্রয় ও বিতরণের বিষয়ে ব্যবসায়ীদের পরামর্শ দেওয়া হয়।
এ ছাড়া সিএম লাইসেন্স গ্রহণ না করে এলইডি বাল্ব সংযোজন করে খোলা অবস্থায় ব্যাগে ভরে বিক্রি বা বিতরণ না করার জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়।অভিযানে বিদ্যুৎ প্রবাহ, আই আর ইলেকট্রনিক্স, জ্যোতি স্টার এনার্জি,রাহুল ইলেকট্রিক,পাপ্পু ইলেকট্রিক,রহিম ইলেকট্রিক,গোল্ডেন সাউন্ড ও পারভীন ইলেকট্রিক সহ মোট আটটি প্রতিষ্ঠানকে অবৈধ পণ্য সরিয়ে ফেলা এবং সিএম লাইসেন্স ছাড়া এলইডি বাল্ব সংযোজন না করার জন্য সাত কর্মদিবস সময় বেঁধে দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা বাস্তবায়ন না হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়।এদিকে নাজ কমপ্লেক্সের ইভানা কেবলসের শোরুম পরিদর্শন করে সব ধরনের কেবলের বৈধ সিএম লাইসেন্স সংরক্ষণের পরামর্শ দেওয়া হয়েছে।
বিএসটিআই আঞ্চলিক কার্যালয়,বগুড়ার সহকারী পরিচালক (সিএম) মোঃ দেলোয়ার হোসেন, সিনিয়র এক্সামিনার (মেট) মোঃ শাহ আলম খান পলাশ এবং ফিল্ড অফিসার (সিএম) মোঃ শাহানূর হোসেন খার এ সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করেন।
বিএসটিআই কর্তৃপক্ষ জানিয়েছে,জনস্বার্থে মানসম্মত পণ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল