বিকাশ স্বর্ণকার, বগুড়াঃ বগুড়া জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন একেএম আহসানুল তৈয়ব জাকির। সোমবার (১৬ মার্চ) বিকেলে জেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম মোঃ শাহনেওয়াজের কাছ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন। পরে জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী,জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে সংবর্ধনা জানান।
দায়িত্ব গ্রহণের পর বক্তব্যে আহসানুল তৈয়ব জাকির বলেন, গত ১৭ বছরে কী পরিমাণ উন্নয়ন হয়েছে তা চারপাশ দেখলেই বোঝা যায়। তিনি অভিযোগ করে বলেন, বিগত সময়ে উন্নয়নের পরিবর্তে অনিয়ম ও লুটপাটই বেশি হয়েছে। তিনি জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে সময়মতো অফিসে উপস্থিত হয়ে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিদিন কর্মদিবসে নির্ধারিত সময়ের অন্তত ২০ মিনিট আগে অফিসে উপস্থিত হন। তার এই কর্মনিষ্ঠা ও সময়ানুবর্তিতা অনুসরণ করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান। পাশাপাশি বগুড়াকে নতুনভাবে গড়ে তুলতে সুশীল সমাজ ও গুণীজনদের সহযোগিতা ও গঠনমূলক পরামর্শ কামনা করেন।অনুষ্ঠানে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বগুড়া-৬ (সদর) আসনের উপ-নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী রেজাউল করিম বাদশা, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট একেএম মাহবুবর রহমান, হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য আলহাজ মোশারফ হোসেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলাম,আলী আজগর তালুকদার হেনা,জেলা জজ আদালতের পিপি অ্যাডভোকেট আব্দুল বাছেদ,জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফজলুল বারী তালুকদার বেলাল,শহর বিএনপির সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু এবং সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি প্রমুখ।
এর আগে রোববার (১৫ মার্চ) স্থানীয় সরকার বিভাগ থেকে একেএম আহসানুল তৈয়ব জাকিরকে বগুড়া জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এবং সোনাতলা উপজেলা বিএনপির সভাপতি।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল