
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সহকারী একান্ত সচিব (এপিএস) হিসেবে নিয়োগ পেয়েছেন বগুড়ার সোনাতলা উপজেলার কৃতি সন্তান মোঃ তৌহিদুল ইসলাম (টিটু)।
গত ২১ ফেব্রুয়ারি ২০২৬ (৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ) তারিখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিয়োগ শাখা থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।
মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মু. তানভীর হাসান রুমান স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে জানানো হয়, জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ৯ম গ্রেড (২২,০০০-৫৩,০৬০/- টাকা)। মাননীয় প্রতিমন্ত্রী যতদিন এই পদ অলংকৃত করবেন অথবা তৌহিদুল ইসলামকে তার এপিএস পদে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন, ততদিন এই নিয়োগ আদেশ কার্যকর থাকবে।জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশনা দেওয়া হয়েছে।
তৌহিদুল ইসলাম টিটু বগুড়া জেলার সোনাতলা উপজেলার হুয়াকুয়া গ্রামের মোঃ মতিয়ার রহমান ও মোছাঃ হাছিনা বেগমের সুযোগ্য সন্তান। এলাকায় তিনি অত্যন্ত বিনয়ী, মেধাবী ও কর্মঠ ব্যক্তি হিসেবে পরিচিত।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-২ (শিবগঞ্জ) আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হন জননন্দিত নেতা মীর শাহে আলম। পরবর্তীতে সরকারের দক্ষ পরিচালনায় তাকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করা হয়।
এলাকাবাসীর প্রত্যাশা, প্রতিমন্ত্রীর আস্থাভাজন হিসেবে টিটু তার ওপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করবেন এবং প্রতিমন্ত্রী ও জনগণের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করে এলাকার উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবেন।
টিটুর এই নিয়োগের খবর ছড়িয়ে পড়লে তার নিজ এলাকা সোনাতলা এবং পার্শ্ববর্তী শিবগঞ্জ উপজেলার সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে। স্থানীয়রা মনে করছেন, একজন যোগ্য ও পরিশ্রমী ব্যক্তি এই পদে আসীন হওয়ায় এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ডে গতি আসবে।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল