সুলতান আহম্মেদ,সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সাঘাটা উপজেলায় পেট্রোল বোমা সদৃশ্য বস্তুসহ স্বতন্ত্র প্রার্থী নাহিদুজ্জামান নিশাদের পাঁচজন নির্বাচনী প্রচারকর্মীকে আটকের পর মোবাইল কোর্টে জরিমানা করে ছেড়ে দেওয়ার ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এ ঘটনার প্রতিবাদে সোমবার রাতে সাঘাটা থানার সামনে বিক্ষোভ করেছেন স্থানীয় জনগণ।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১০ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে ফুলছড়ি উপজেলার বাসিন্দা ওয়াহিদুল ইসলাম, জাহিদুল ইসলাম, পাভেল, রাসেল ও মমিন নামের পাঁচ ব্যক্তি একটি সিএনজিচালিত অটোরিকশাযোগে সাঘাটার ডাকবাংলা এলাকায় পৌঁছালে স্থানীয়দের সন্দেহ হয়। পরে বিএনপি নেতাকর্মী ও স্থানীয়রা গাড়িটি থামিয়ে তল্লাশি চালান। এ সময় গাড়ির ভেতর থেকে দুটি পেট্রোল বোমা সদৃশ্য বোতল উদ্ধার করা হয়।
খবর পেয়ে সাঘাটা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পাঁচজনকে আটক করে থানায় নিয়ে যায়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের মধ্যে চারজনকে নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের দায়ে মোট ৩০ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়।
জরিমানা করে ছেড়ে দেওয়ার ঘটনায় ক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয়রা। তারা থানার সামনে বিক্ষোভ করে অভিযুক্তদের গ্রেপ্তার ও ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান। পরিস্থিতি বর্তমানে থমথমে রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
এ বিষয়ে সাঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম মুঠোফোনে জানান, “নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে চারজনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।”
সাঘাটা উপজেলা বিএনপির সদস্য সচিব সেলিম আহম্মেদ তুলিপ বলেন, “ঘটনাটি শুনেছি। পেট্রোল বোমা সদৃশ্য বস্তু উদ্ধারের পর নামমাত্র জরিমানা করে ছেড়ে দেওয়া অত্যন্ত দুঃখজনক। এসব বস্তু নির্বাচনে সহিংসতা সৃষ্টির উদ্দেশ্যে আনা হয়েছিল বলে আমাদের সন্দেহ। আমরা জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।”
এ ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত নজরদারি বাড়ানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল