স্টাফ রিপোর্টারঃ ‘অভিন্ন লক্ষ্য উন্নত বিশ্ব—সাশ্রয়ী ও পরিবেশবান্ধব জ্বালানি’ প্রতিপাদ্য সামনে রেখে বগুড়ায় ৫৭তম বিশ্ব মান দিবস পালিত হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষ করতোয়ায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন। তিনি বলেন, ‘কেবল পণ্যের মান নিয়ন্ত্রণ করলেই চলবে না, নিজেদের কাজের মান, সততা ও নৈতিকতার মানও নিয়ন্ত্রণ করতে হবে। তাহলেই এগিয়ে যাবে বাংলাদেশ।’
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি এম এস এম আতিকুর রহমান বাদল, বগুড়া জেলা পরিষদের প্রশাসক এ কে এম আহসানুল তৈয়ব জাকির এবং বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আসাদুজ্জামান।
এ কে এম আহসানুল তৈয়ব জাকির বলেন, ভেজাল প্রতিরোধে সম্মিলিত সামাজিক সচেতনতা প্রয়োজন। সবার সমন্বিত উদ্যোগই পারে নিরাপদ খাদ্যের বাংলাদেশ গড়ে তুলতে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিএসটিআই বগুড়া আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক ও অফিসপ্রধান মো. জহুরুল হক। প্রতিপাদ্যের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, জ্বালানি উৎপাদন করাই যথেষ্ট নয়, জ্বালানির প্রতিটি ইউনিটের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করাও জাতীয় দায়িত্ব।
সভাপতির বক্তব্যে বগুড়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান বলেন, মান বিষয়ে প্রান্তিক পর্যায়ে জনসচেতনতা বাড়াতে হবে। রাষ্ট্রকাঠামো ঢেলে সাজানোর ক্ষেত্রে সবাইকে অংশগ্রহণ করতে হবে।
উল্লেখ্য, পণ্য ও সেবার মান সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক মানের গুরুত্ব তুলে ধরতে প্রতিবছর বিশ্ব মান দিবস পালন করা হয়। এ বছর দিবসটির প্রতিপাদ্যে সাশ্রয়ী ও পরিবেশবান্ধব জ্বালানি ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল