স্টাফ রিপোর্টারঃ নওগাঁ সদর উপজেলায় নিষিদ্ধ কসমেটিকস বিক্রি এবং পণ্যের মোড়কে বাধ্যতামূলক তথ্য উল্লেখ না করে বাজারজাত করার অভিযোগে দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। অভিযানে মোট ২৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার (২৬ জুলাই ২০২৬) জেলা প্রশাসন, নওগাঁ এবং বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, বগুড়ার যৌথ উদ্যোগে নওগাঁ সদর উপজেলায় এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।
অভিযানে চুড়িপট্টি এলাকার মেসার্স অপূর্ব স্টোর-কে স্কিন ক্রিম, স্কিন লোশন ও শ্যাম্পুর বিএসটিআইয়ের ছাড়পত্র গ্রহণ না করে বিক্রয় এবং সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত ৪কে প্লাস (4K Plus) স্কিন ক্রিম বিক্রি ও বিতরণের অপরাধে বিএসটিআই আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় ২৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এছাড়া বাজার মসজিদ লেনের মেসার্স জনি স্টোর-কে পাপড় পণ্যের মোড়কে উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ, সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্য, নিট ওজনসহ বিধি অনুযায়ী প্রয়োজনীয় তথ্য উল্লেখ না করে বিক্রয়-বিতরণ করার অপরাধে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় ১ হাজার টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহ মো. রাশেদ। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, বগুড়ার ফিল্ড অফিসার (সিএম) মো. সাখাওয়াত হোসেন এবং পরিদর্শক (মেট্রোলজি) প্রকৌশলী প্রান্তজিত সরকার।
বিএসটিআই জানিয়েছে, জনস্বার্থে মানহীন ও নিষিদ্ধ পণ্যের উৎপাদন, বিক্রয় ও বাজারজাতকরণ রোধে এ ধরনের মোবাইল কোর্ট ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল